যা যা নিয়ে নোট ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতীক্ষার পালা শেষ, এখন শুধু হাতে পাওয়ার অপেক্ষা। হ্যাঁ, প্রযুক্তি দুনিয়ায় গুঞ্জন আর দীর্ঘদিন অপেক্ষার পর দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং তাদের পরবর্তী স্মার্টফোন গ্যালাক্সি নোট ৮ উন্মোচন করেছে ২৩ আগস্ট। গ্রাহক পর্যায়ে ফোনটি হাতে পেতে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এর জন্য আগাম ফরমাশ করতে হবে। প্রযুক্তিপ্রেমীরাও যেন ফোনটি হাতের মুঠোয় নিয়ে পরখ করে দেখার তর সইতে পারছে না। কারণ প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, নোট ৮-ই হবে স্যামসাংয়ের সবচেয়ে শক্তিশালী ও সুবিধাসমৃদ্ধ স্মার্টফোন। তা ছাড়া ফোনটিতে এমন কিছু সুবিধা রয়েছে, যা অ্যাপলের আইফোনেও পাওয়া যাবে না। ঠিক সে রকম কিছু সুবিধার কথা থাকছে প্রতিবেদনে।

বড় পর্দা
নোট ৮ হাতে নিলেই বোঝা যাবে, এটি বেশ বড় পর্দার মুঠোফোন। ৬ দশমিক ৩ ইঞ্চির পর্দায় বেশ সহজেই যেকোনো কাজ করা যাবে। নতুন সুবিধা হিসেবে মাত্র এক চাপেই বড় পর্দাটিকে দুই ভাগ করে একসঙ্গে দুটি অ্যাপ চালানোর সুবিধা যুক্ত করা হয়েছে। আর একটি শর্টকাট তৈরি করে দুটি অ্যাপ একসঙ্গে রেখে এক চাপেই দুটি অ্যাপ চালু করার সুবিধাও থাকছে নোট ৮-এ।

অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির ক্যামেরা
ফোনটির ক্যামেরায় বেশ ভালোভাবেই নজর দিয়েছে স্যামসাং। কারণ পেছনের দুটি ক্যামেরার লেন্সে থাকছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি। ফলে ছবি তোলার পর তা ঝাপসা হবে না। যেখানে আইফোন ৭ প্লাসে একটি ক্যামেরার লেন্সে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে পোর্ট্রেট ছবি তোলার আগে বা পরে আবহ ঠিক করা যাবে। এ সুবিধাটিও আইফোনে নেই।

কম্পিউটার হিসেবেও ব্যবহার করা যাবে
স্যামসাংয়ের ডেক্স ডক যন্ত্রটি ব্যবহার করে নোট ৮-কে ডেস্কটপ কম্পিউটারে পরিবর্তন করা যাবে। অর্থাৎ ডেক্সের সঙ্গে একটি কি-বোর্ড, মাউস এবং একটি মনিটর যুক্ত করে একটি বিশেষ ধরনের অ্যান্ড্রয়েডের ডেস্কটপ সংস্করণ তৈরি করা যায়। যেখানে আইফোনের পর্দাকে একটি মনিটর বা টেলিভিশন পর্দায় স্থান দেওয়া যায়। কিন্তু কি-বোর্ড বা মাউস সংযুক্ত করা যায় না।

তারহীন চার্জ
নোট ৮-এ তারহীন চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে ফোনের সঙ্গে কেব্ল লাগানোর ঝামেলা আর থাকছে না। তবে উভয় পদ্ধতিতেই চার্জ দেওয়া যাবে। আর রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা। যার সাহায্যে ৩০ মিনিটেই ব্যাটারির ৫০ ভাগ চার্জ দেওয়া সম্ভব।

আইরিশ স্ক্যানার
ফোনটির নিরাপত্তার কথা বিবেচনা করে আইরিশ স্ক্যানিং সুবিধা রাখা হয়েছে। আইরিশ স্ক্যানিং পদ্ধতিকে সবচেয়ে নিরাপদ মনে করা হয়। এর মাধ্যমে শুধু ফোনের দিকে তাকিয়ে খুব সহজেই আনলক করা যায়। এ ছাড়া আঙুলের চাপ প্রযুক্তির সাহায্যে শনাক্তকরণ এবং পাসওয়ার্ড তো রয়েছেই।

পেন
নোট ৮-এ থাকছে উন্নতমানের স্টাইলাস পেন। যার সাহায্যে আঁকিবুঁকি, নোট নেওয়াসহ মেসেজও লেখা যাবে। নতুন সুবিধা হিসেবে থাকছে লাইভ মেসেজিং সুবিধা। যার সাহায্যে যেকোনো ডুডল অর্থাৎ হিজিবিজি আঁকা বা লেখাকে অ্যানিমেটেড জিআইএফে পরিণত করে তাৎক্ষণিকভাবে মেসেজ বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যাবে।

লেনদেন করার সুবিধা
স্যামসাং পে সুবিধাটি অধিকাংশ ম্যাগনেটিক ক্রেডিট কার্ড রিডারের সঙ্গে মানিয়ে নেয়। ফলে যেকোনো কেনাকাটা বা অর্থ পরিশোধে আলাদা ঝামেলা করতে হয় না। যেখানে অ্যাপল পে দিয়ে অর্থ পরিশোধের জন্য আলাদা পেমেন্ট প্যাডের প্রয়োজন হয়।

একনজরে নোট ৮
পর্দা
৬.৩ ইঞ্চি

রেজল্যুশন
১৪৪০ X ২৯৬০ পিক্সেল

প্রসেসর
স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর

র্যা ম
৬ গিগাবাইট

অপারেটিং সিস্টেম
অ্যান্ড্রয়েড ৭.১.১ ন্যুগাট

ক্যামেরা
সামনে ও পেছনে যথাক্রমে ৮ এবং ১২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা

ব্যাটারি
৩,৩০০ মিলিঅ্যাম্পিয়ার

রম
৬৪, ১২৮ ও ২৫৬ গিগাবাইট

ভার্চ্যুয়াল সহকারী
বিক্সবির উন্নত সংস্করণ
মারিফুল হাসান, সূত্র: বিজনেস ইনসাইডার, এনডিটিভি