যাঁদের পরামর্শ নেন টিম কুক

অ্যাপল ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের বন্ধুতালিকা দীর্ঘ নয়। আবার অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছে প্রতিষ্ঠান চালাতে গিয়ে। তবে বন্ধুদের সঙ্গে সম্পর্কটা তাঁর বেশ সুন্দর। এই ‘করপোরেট’ বন্ধুদের কাছ থেকে বিভিন্ন সময়ে পরামর্শ নিয়েছেন বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠানের এই কর্তাব্যক্তি। এই তালিকায় বাদ পড়েননি ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ পর্যন্ত। টিম কুক নিজেই বলেন, পরামর্শ নেওয়াটা জরুরি ছিল না, তবে প্রতিষ্ঠানের ভালোর জন্যই পরামর্শ নিয়েছেন। ১৩ আগস্ট ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বন্ধুদের কথা বলেন টিম কুক।

ওয়ারেন বাফেট
২০১২ সালে যখন সিদ্ধান্ত নেওয়া হয় শেয়ারহোল্ডারদের টাকা ফেরত দেবে অ্যাপল, তখন এমন একজনকে খুঁজছিলেন টিম কুক যে তাঁকে ভালো কোনো পরামর্শ দেবেন। এমন সময়ে কুকের মনে প্রথম নামটা ওয়ারেন বাফেটের এসেছিল। তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি বলে মনে হয়েছিল। তাঁর কাছে কুক প্রায়ই এমন সাহায্য নেন।

অ্যান্ডারসন কুপার
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এই উপস্থাপকের আত্মবিশ্বাসের প্রতি কুক এতটাই মুগ্ধ যে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কেও পরামর্শ নিতেন। সাক্ষাৎকারে কুক বলেন, ‘আমি অনেকবার দীর্ঘ সময় ধরে অ্যান্ডারসন কুপারের সঙ্গে কথা বলেছি।’ কারণ কুক ভাবতেন, দারুণভাবে সবকিছু সামলাতে পারেন অ্যান্ডারসন কুপার। যাঁদের কাছ থেকে কুক পরামর্শ নিতেন, তাঁদের মধ্যে তাঁকেই ভালো মনে করতেন যে ব্যাপারটি নিয়ে গভীরভাবে ভাবত। কুপার এ রকমই একজন।

বিল ক্লিনটন
২০১৩ সালে কুক যখন প্রথমবারের মতো কর নিয়ে ঝামেলায় পড়েন, তখন শুনানির আগে অনেক মানুষের সঙ্গে কথা বলেন। যার মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্টও। ক্লিনটন সম্পর্কে কুকের ভাষ্য—রাজনীতি নিয়ে অনেক জানাশোনা আছে তাঁর। তবে এ সম্পর্কে কোনো বিষয়ে আমি তাঁর সঙ্গে যোগাযোগ করতাম না। মূলত ক্লিনটন ফাউন্ডেশনেই আমাদের যোগাযোগটা হতো।

লরেন পাওয়েল জবস
কর নিয়ে মামলার শুনানির আগে কুক যাঁদের সঙ্গে আলোচনা করেছিলেন তাঁদের মধ্যে অন্যতম অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল জবস। লরেন সম্পর্কে কুকের মতামত, অ্যাপল সম্পর্কে তাঁর জানাশোনা ভালো।
এস এম নজিবুল্লাহ চৌধুরী, সূত্র: ম্যাশেবল