যাদের সহযোগিতায় সফল উত্সব
দশমবারের মতো আয়োজন করা হয় গণিত উত্সব ও গণিত অলিম্পিয়াডের মহাকার্যক্রম। দেশব্যাপী কয়েক মাস ধরে চলা এই কার্যক্রমে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটিকে সহায়তা করেছে অনেক প্রতিষ্ঠান। গণিত উত্সবের সব কাজের পৃষ্ঠপোষকতায় আছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংক। এবারের গণিত উত্সবে ডাচ্-বাংলা ব্যাংককে স্বীকৃতি দেওয়া হয়েছে দেশের সবচেয়ে বড় ‘হূদয়বান ব্যাংক’ হিসেবে। এ ছাড়া গণিতের বিশাল এই মহাযজ্ঞের সার্বিক ব্যবস্থাপনায় আছে দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো। ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উত্সব’কে আরও প্রাণবন্ত করতে ভেন্যুতে উপস্থিত ছিল অর্ধশত প্রতিষ্ঠান। অংশগ্রহণকারী সবাইকে মাদকের লিফলেট, চাবির রিং এবং বিজয়ীদের জন্য মগ ও নোটবুক দিয়েছে প্রথম আলো। প্রশাসনিক ভবনের নিচে ১০টি স্টলে বইয়ের পসরা নিয়ে হাজির হয়েছিল অলিম্পিয়াড কমিটির গণিতের বই, তাম্রলিপি, সময়, বিজ্ঞান একাডেমি ও অনুপম প্রকাশনী। এ ছাড়া ছিল প্রথমা প্রকাশন, প্রথম আলো, প্রথম আলো বন্ধুসভার স্টল। গণিতের বইয়ের স্টলে গণিতের বিভিন্ন ইংরেজি বইয়ের পাশাপাশি রুবিক কিউব কেনার জন্য সারাক্ষণই ভিড় লেগেছিল। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের স্টলে ছিল বাংলা অপারেটিং সিস্টেম উবুন্টু সিডি, মুক্ত সফটওয়ারের বই। উত্সবের সার্বিক নিরাপত্তায় সহযোগিতা করেন বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। উত্সবে শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য হাজির ছিল ঢাকা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি। ১৮৫ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষার সঙ্গে সঙ্গে আগত ব্যক্তিদের প্রাথমিক চিকিত্সাসেবা দিয়ে গেছেন এই প্রতিষ্ঠানের চিকিত্সকেরা। উত্সবের দুই দিনই সবার জন্য বিনা মূল্যে কফি ও নুডলস সরবরাহ করে নেসলে বাংলাদেশ। নেসলে বাংলাদেশ লিমিটেডের অ্যাকটিভেশন অ্যান্ড স্যাম্পলিং ম্যানেজার মীর এস্তাফিজুর রহমান বলেন, জাতীয় এই গণিত উত্সবের মতো প্রাণবন্ত আয়োজনের সঙ্গে নেসলে যুক্ত থাকতে পেরে অনেক আনন্দিত। খুদে গণিতবিদদের নুডলস ও পানীয় সরবরাহ করে নেসলে তাদের সঙ্গে উত্সবের আনন্দ ভাগাভাগি করার সুযোগ নিচ্ছে। গণিত উত্সবের শিক্ষার্থীদের বিনা মূল্যে বিস্কুট, জুস সরবরাহ করে ড্যানিশ ফুডস লিমিটেড (পারটেক্স স্টার গ্রুপ)। ড্যানিশ ফুডস লিমিটেড (পারটেক্স স্টার গ্রুপ) ব্র্যান্ড ব্যবস্থাপক মোহাম্মদ শরীফ-উল হাসান বলেন, ‘গণিতের এই বিশাল আয়োজনের সঙ্গে ড্যানিশ ফুডস লিমিটেড যুক্ত থাকতে পেরে গর্বিত। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতীয় উত্সবে অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা।’ কিষোয়ান স্ন্যাক্সের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ছিল চকলেট। উত্সবের মূল মঞ্চের পাশেই ছিল বাংলালায়ন কমিউনিকেশসনস লি. ও ইন্টারনেট রেডিও বিজয় ও অনলাইন বইয়ের দোকান রকমারি ডটকমের স্টল। বাংলালায়ন কমিউনিকেশসনস লিমিটেডের পক্ষ থেকে উত্সব প্রাঙ্গণকে উন্মুক্ত ওয়াইফাই জোন করে দেওয়া হয়। উত্সবে রকমারি ডটকমের পক্ষ থেকে সব বিজয়ীর জন্য টি-শার্ট ও সবার জন্য চাবির রিং এবং চার ক্যাটাগরির সেরা চারজনের জন্য ছিল বই উপহার। বিজয়ী সবাইকে দেওয়া হয় নুরুন্নবী হাছিবের নানা কাজের মুক্ত সফটওয়্যার নামের বইয়ের সৌজন্য কপি।রকিবুল ইসলাম