যানজটের ঝাল ফ্রাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

উপকরণ: খানাখন্দভরা রাস্তা, ফিটনেসবিহীন গাড়ি, ট্রাফিক পুলিশ ও আইন না মানা আমজনতা।
রাস্তা তৈরি: প্রথমে রাস্তাটাকে খানাখন্দে ভরে ফেলতে হবে। তাহলে জট খুব আঠালো আর প্যাঁচানো হবে এবং ছাড়াতে ঝক্কি বাড়বে। ঠিকাদারদের বালুর ওপর পিচ বসানো রাস্তায় এক ঘণ্টা ওয়াসার লোকদের দিয়ে ব্লেন্ড করাতে হবে। ফেনা ফেনা হয়ে গেলে বিদ্যুৎ বিভাগের ফ্লেভার মিশিয়ে আরও ঘণ্টা খানেক নাড়ুন। এই কাজগুলো অবশ্যই করতে হবে ভরা বর্ষায়। ব্যস হয়ে গেল খানাখন্দে ভরা রাস্তা।
প্রণালি: বর্ষায় প্রি-হিটেড ওভেন, অর্থাৎ রাস্তায় নামিয়ে দিতে হবে কয়েক হাজার লক্কড়ঝক্কড়মার্কা ফিটনেসবিহীন বাস, ট্রাক, লরি ও প্রাইভেট কার। একসঙ্গে সব উপকরণ দিয়ে নাড়তে থাকুন। মিনিটে মিনিটে ছিটিয়ে দিতে হবে রিকশা। রিকশাগুলোর অবশ্যই লাইসেন্স থাকা যাবে না এবং চালকদের হতে হবে ক্রিকেট মাঠের ইনজামাম অ্যাটিচুডের। যাত্রী যদি জিজ্ঞেস করে, ‘এই খালি যাবে?’ তাহলে ভাব করতে হবে যেন ওয়াইড বলে বোলার এলবিডব্লিউয়ের আবেদন করে ফেলেছে। আর আসল মসলা দেওয়ার জন্য মহামান্য সিএনজিচালিত অটোরিকশাচালকেরা তো আছেনই। এভাবে জ্বাল দিতে দিতে রং একটু বাদামি হয়ে এলে বাসচালকেরা ইচ্ছামতো যাত্রী ওঠা–নামার জন্য যেখানে খুশি সেখানে গাড়ি থামাবেন। একবার থামিয়ে ইচ্ছা করলে পাশের সিমেনা হল থেকে সিনেমাও দেখে আসতে পারেন। তারপর যদি মর্জি হয় তাহলে আবার বাসটা এগোতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো অসুস্থ বয়সী লোক বা শিশু গাড়ি থেকে নামতে চাইলে, গতি কমানো যাবে না। আর ডায়ালগ দিতে হবে, ‘বাম পা আগে!’
এতক্ষণে যানজট লেগে যাওয়ার কথা। কিন্তু তারপরও প্রশস্ত, মসৃণ রাস্তার জন্য যদি জট না লাগে, তাহলে কনডেনসিং ক্রিম হিসেবে আপনার প্রাইভেট কারটি নো পার্কিং জোনে পার্ক করুন। আরও ভালো হয় রং সাইডে রাখলে। এবার ট্রাফিক পুলিশ যদি মনের মাধুরী মিশিয়ে সিগন্যাল দেন, কিংবা গাড়ি আটকে ড্রাইভারের সঙ্গে মধুর আলাপ শুরু করে দেন, তবে সোনায় সোহাগা।
আপনার জট এখন ৯৫ শতাংশ তৈরি। ডেকোরেশনের জন্য পথচারীদের সাহায্য লাগবে। তারা ওভারব্রিজ ব্যবহার না করে ঝুঁকিপূর্ণ রাস্তা পার হবে। চাইলে কানে মুঠোফোন ধরে কথা বলতে বলতে এপার থেকে ওপারে চলে যাবে।

যানজটের মান ভালো করতে হলে: রপ্তানিযোগ্য যানজট তৈরি করতে চাইলে রাজনৈতিক সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, মানববন্ধনের আয়োজন করতে পারেন। সমাবেশগুলোর মঞ্চ তৈরির আদর্শ জায়গা হচ্ছে বিভিন্ন রাজপথ, অ্যাভিনিউ প্রভৃতি। একটু টানা বৃষ্টি দিয়ে প্যাক করে দিতে পারলে এই যানজট নরকেও রপ্তানি করা যেতে পারে।
বন্ধুরা, এভাবে তেমন কোনো কষ্ট না করে আমরা ঢাকার রাস্তায় তৈরি করতে পারি বিশ্বমানের, প্রচণ্ড কষ্টদায়ক, সময় নষ্টের হাতিয়ার, মানুষের জীবনের জন্য হুমকিস্বরূপ ‘দ্য দেশি যানজট ঝাল ফ্রাই’।