যানজটের যত আশীর্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যানজট অভিশাপ, না আশীর্বাদ? অবশ্যই আশীর্বাদ! যানজট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনে নিয়ে আসে অবর্ণনীয় সব সুযোগ-সুবিধা! প্রমাণ দেখুন এবার।
যাত্রীদের জন্য
যানজট থাকলে কোনো যানবাহনই ফ্রি স্টাইলে ছুটে এসে আপনার পায়ে বা গায়ে আঘাত হানতে পারবে না। সুতরাং, আপনি বড় রকমের দুর্ঘটনা থেকে রেহাই পেলেন শুধু যানজটের কারণেই।
প্রেমিক-প্রেমিকাদের জন্য
মিতব্যয়ী প্রেমিক-প্রেমিকারা সিএনজি-বাস-রিকশায় বসে ঘণ্টার পর ঘণ্টা ফ্রি খরচে প্রেমালাপ চালিয়ে যেতে পারেন।
চাকরিজীবীদের জন্য
এটা সব চাকরিজীবীর বেলায় প্রযোজ্য নয়। যাঁদের জন্য অফিসের এসি বাসের ব্যবস্থা আছে, তাঁরাই কেবল যানজট উপভোগ করতে পারেন এবং সব ধরনের উপকারিতাও ভোগ করেন তারিয়ে তারিয়ে! যানজটে বাস আটকে থাকাই মানে ভোরের অর্ধসমাপ্ত ঘুমটা সমাপ্ত করার সুবর্ণ সুযোগ!
কিপটেদের জন্য
স্ত্রী, ছেলেমেয়ে থেকে শুরু কেউই বলতে পারবে না, ‘আজ তাড়াতাড়ি বাসায় এসো, শপিংয়ে যাব।’ কারণ, আপনি প্রতিদিনই যানজটে আটকে থাকেন। সুতরাং, দেখা যাবে মাস শেষে বিপুল পরিমাণ অর্থ খরচের হাত থেকে বেঁচে গেছেন আপনি।

সিনেমাখোরদের জন্য
ভিডিও সার্ভিস বাসে বা আপনার স্মার্টফোনেই দেখে নিতে পারেন এবারের ঈদের ব্যবসাসফল বাংলা ছায়াছবি কী জ্যাম লাগাইলা। আর বাসে একটা টিভি থাকলে তো কথাই নেই।

ফেসবুকারদের জন্য
যানজটের কারণে সৃষ্ট হৃদয়ভাঙা ফিলিংসে হাহাকারজনিত স্ট্যাটাস দিয়ে জিতে নিতে পারেন হাজার হাজার লাইক, কমেন্ট ও শেয়ার।

লেখকদের জন্য
হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি উপন্যাসের প্লট মাথায় আসতে পারে যানজটে বসেই। লিখে ফেলতে পারেন এভাবে, ‘অতঃপর তিনি যানজটের যন্ত্রণায় ছটফট করিয়া পাশের আসনের ভদ্রলোকের কাঁধে মাথা রাখিয়াই ঘুমাইয়া পড়িলেন; উহা কেউ না দেখিতে পারিল, না কেউ জানিতে পারিল!’

রেকর্ডপ্রেমীদের জন্য
বিপুলসংখ্যক মানুষ ও হাজার হাজার স্থির যানবাহন নিয়ে সমবেতভাবে শোক প্রকাশ করা যেতে পারে। এভাবে ঘণ্টার পর ঘণ্টা নীরবতা পালন করলে বিশ্বরেকর্ড গড়তে বেগ
পেতে হবে না।

এক্সট্রা আশীর্বাদ
তাসনিয়া লস্কর, ঢাকা
* প্রেমিক-প্রেমিকারা গাড়িতে উঠলেই ভাবেন, ‘এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো?’ তাই যানজট তাঁদের জন্য আশীর্বাদ! অফুরন্ত পথে দুরন্ত ডেট।
* যাঁরা হুতোম প্যাঁচার মতো রাতে ঘুমান না, কিন্তু সকালে ক্লাস কিংবা অফিস করেন, তাঁরা যানজটে আরামসে টানা একটা ঘুম দিতে পারেন।
* যানজটে থমকে থাকা রাজপথ হতে পারে ধৈর্য ধারণের ক্লাস।
* ঘন ঘন টিভি চ্যানেলগুলোর পর্দায় মুখ দেখানোর সুযোগ মিলতে পারে; যেখানে আপনাকে একজন ভুক্তভোগী হিসেবে দেখানো হবে।
* ইন্টারনেটে বা পত্রিকার কাগজে রস+আলোর এই ‘যানজটের উপকার’ শীর্ষক গবেষণাধর্মী লেখাটি পড়লে আপনার জ্ঞানের ভান্ডার হবে সমৃদ্ধ।