যানজটের সমাধান-যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন-চার বছর আগে একদিন বাহাদুর শাহ পার্কে আমার পরীক্ষার ডিউটি পড়েছিল। মানে পরীক্ষার্থীকে সঙ্গে নিয়ে যাওয়া ও নিয়ে আসা এবং মাঝখানে তিন ঘণ্টা সময় কাটানো। আমি দেখলাম পার্কে ২০০ মিটার চিহ্নিত হাঁটার জায়গা আছে। স্টপওয়াচ অন করে হেঁটে দেখলাম আমার হাঁটার গতি ঘণ্টায় নয় কিলোমিটার। সেদিন পত্রিকায় দেখলাম, রাস্তায় বাসের গড় গতি নয় কিলোমিটারের কম! খবরটা পড়ে সেদিনের কথা মনে পড়ে গেল। হায় বাস! চার চাকার ধূসর বাস! যানজটই যে এর মূল কারণ, সেটা কি বলে দিতে হবে?
প্রাইভেট কারের যাত্রীরা বলেন, বাসের কারণে; বাসযাত্রীরা বলেন, প্রাইভেট কারের কারণেই এই যানজট। তবে আমার প্রশ্ন, যানজট তৈরিতে পাঁচ হাজার বাস কীভাবে পাঁচ লাখ প্রাইভেট কারের সঙ্গে পেরে ওঠে!
আমাদের দেশে মানুষের বাতের ব্যথা কেন বেশি, তা হয়তো গবেষণার বিষয়। তবে নিঃসন্দেহে এর অন্যতম একটি কারণ যানজট। ফুটওভার ব্রিজ হোক বা আন্ডারপাস, আমরা কোনোভাবেই সেটা মাড়াব না! কিছু দূরেই মহাখালী বাসস্ট্যান্ড, তবুও বাসস্ট্যান্ড থেকে বাসে উঠব না, উঠব মহাখালী মোড় থেকেই। ফলে মহাখালী মোড়ে বাস দাঁড়িয়ে থাকে। বাসস্ট্যান্ড থেকে উঠলে পাঁচ টাকা কম নেওয়া হবে, এ রকম হলে বোধ হয় এ সমস্যার সমাধান হয়ে যেত।
আপনার একটি প্রাইভেট কার থাকলে তো কথাই নেই! ঢাকা শহরে গাড়ি থাকা মানে এক টুকরো জমির অঘোষিত মালিক আপনি! যেকোনো জায়গায় আপনি গাড়ি রাখতে পারবেন, তাতে যানজট বাধলে দোষ তো অন্যের ঘাড়ে দেওয়াই যায়। পার্কিংয়ের জায়গায় গাড়ি রাখলে যদি ঘণ্টায় ২০ টাকা করে দেওয়া লাগত, তাহলে রাস্তায় রাখা গাড়ির সংখ্যা এক হাতেই গুনে শেষ করা যেত।
ফুটপাত দিয়ে মানুষ হাঁটে না। তাই ফুটপাতের ওপর ‘এখানে হাঁটা নিষেধ’ লিখলেই দেখবেন সবাই ওই ফুটপাত দিয়েই হাঁটবে। নিয়ম ভাঙার চর্চা করা আমাদের রক্তে মিশে আছে। তবে আমাদেরই বা দোষ কোথায়! ফুটপাতের ওপর দোকান খুলে বসে আছে অনেক ব্যবসায়ী। শুধু একবার একটা আইন করে দিয়ে বললেই হলো, ‘ফুটপাতের মালামাল জনগণের সম্পত্তি, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার!’ দেখবেন ফুটপাতের মালামাল যে যার মতো নিয়ে যাচ্ছে।
১০ বছর আগে কাউকে আপনি যদি জিজ্ঞেস করতেন যানজটের কারণ কী? জবাবে শুনতেন রিকশা, রিকশা এবং রিকশা। আজ তাঁকে একই প্রশ্ন করুন, তিনি চুপ থাকবেন। কারণ, তিনি আজ প্রাইভেট কারের মালিক। এবং তিনি বোঝেন যানজটের কারণ কী। রিকশায় গড় ভাড়া কিলোমিটার প্রতি ২০ টাকা, সিএনজিচালিত অটোরিকশায় ১৫, বাসে দুই, টেম্পো দুই আর প্রাইভেট কারে গড় খরচ তিন টাকার মতো। ঢাকা থেকে চট্টগ্রাম বিমানভাড়া যদি বাসের ভাড়ার সমান বা কম হয়, তবে মানুষ কোনটায় যাতায়াত করবে?
অনেক সময় যেসব ব্যথা কোনোভাবেই সারানো সম্ভব নয়, সেসব ব্যথা ভুলে ব্যথার সঙ্গে কীভাবে বসবাস করা যায় তার উপদেশ দেন চিকিৎসকেরা। যানজটের সমাধান বোধ হয় সম্ভব নয়। চলুন, আমরা একে মেনে নিই।