
পরীক্ষা হলো একধরনের অবিশ্বাসের নাম। টিচাররা সারা বছর পড়ানোর পরও ছাত্রছাত্রীদের বিশ্বাস করেন না বলে বছর শেষে চেক করার জন্য পরীক্ষা নেন। কেবল পরীক্ষাই নেন না, তাদের অবিশ্বাস করে পরীক্ষার হলে দু-তিনজন শিক্ষক-শিক্ষিকা রাখেন পাহারা দেওয়ার জন্য।
পরীক্ষার রুটিনে লেখা থাকে পরীক্ষার দিনক্ষণ। দুর্বল ছাত্ররা সেই রুটিন দেখে মিলিয়ে নেয় তাদের আহাজারির তারিখ।
বিপদ আর পরীক্ষার মধ্যে একমাত্র পার্থক্য হলো বিপদ বলে-কয়ে আসে না, পরীক্ষা ঘোষণা দিয়ে আসে।
পরীক্ষা একা আসে না, সঙ্গে রেজাল্ট নিয়ে আসে। রেজাল্ট আর সাবেক প্রেমিকার মধ্যে মিল হলো, দুজনেই দুঃখ দিয়ে চলে যায়, ফিরেও তাকায় না! পার্থক্য হলো রেজাল্ট পাওয়ার পর মনে মনে শপথ করা হয় নেক্সট পরীক্ষায় ‘দেখিয়ে দেব’, প্রেমিকা চলে যাওয়ার পর শপথ নেওয়া হয়, ‘আর জীবনে প্রেম করব না’। আবার দুটির মিল হলো, বেশির ভাগ মানুষ দুটি শপথের একটিও রাখতে পারে না!
পরীক্ষার হলে দুই দল খুব নিশ্চিন্তে থাকে। এক দল জানে, তারা সব পারে, আরেক দল জানে, তারা কিচ্ছু পারে না। অতএব, নো টেনশন। মাঝখানে যারা থাকে, তারা এদিকে দেখে, ওদিকে দেখে, কলম কামড়ায় এবং পরীক্ষার শেষে বলে, ‘পরীক্ষা মোটামুটি হয়েছে।’ প্রথম দুই দলের পরীক্ষা সব সময় ভালো হয়।
পরীক্ষা সমাজের ক্ষতি করেই চলেছে। একটা সময় পণ্যে ভেজাল ছিল না, কেবল পরীক্ষায় ছিল। পরবর্তী সময়ে পরীক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে ব্যবসায়ীরা নকলে মনোযোগ দিল। সে জন্য ম্যাজিস্ট্রেটরা আগে কেবল পরীক্ষার হল পরিদর্শনে যেতেন। এখন ভেজালবিরোধী অভিযানেও যান।