যারা মেডিকেলে সুযোগ পাওনি

মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ পাওনি? তো কী হয়েছে? এখন সামনে সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বিভিন্ন উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার
শেষ হয়েছে মেডিকেল কলেজের ভর্তিযুদ্ধ। সুযোগ মিলেছে মাত্র হাজার পাঁচেক শিক্ষার্থীর। স্বাভাবিক কারণেই স্বপ্নভঙ্গ হয়েছে বেশির ভাগ শিক্ষার্থীর। কিন্তু এই স্বপ্নভঙ্গই কি জীবনের শেষ?
সামনে পড়ে রয়েছে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অফুরান সুযোগ। এসো, মেডিকেলে সুযোগ না পেয়েও যারা অন্য বিষয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ রেখেছে, তাদেরই কয়েকজনের কথা শুনি।
‘মেডিকেলে ভর্তি হতে না পেরে মুষড়ে পড়েছিলাম। জীবনকে অর্থহীন লাগত। দেখলাম, বান্ধবী পিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য চেষ্টা করছে। তার কাছ থেকে নোট জোগাড় করে কয়েক দিন পড়াশোনা করে পরীক্ষা দিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় ৪০২তম হলাম! ভর্তি হলাম অণুজীববিজ্ঞানে। এখন বুঝতে পারছি, মেডিকেলের চেয়ে এ বিষয়টিই আমার ভালো হয়েছে,’ বলছিলেন তাবাসসুম তাসনিম।
‘মেডিকেল ভর্তি পরীক্ষার ১০ থেকে ১২ দিন পরেই ছিল আমার বুয়েটের পরীক্ষা। এইচএসসির বেসিক ভালো ছিল, তাই পরীক্ষাটাও ভালো হয়েছিল। মেডিকেলে সুযোগ না পেলেও বুয়েটে ৭৬৮তম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৯তম হয়েছিলাম,’ বলছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী সামিরা মুসলেহ।
ভর্তি পরীক্ষার আগে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলেও মনোবল হারালে চলবে না। ‘ভর্তি পরীক্ষার কিছুদিন আগে এক দুর্ঘটনায় পা ভেঙে গেল আমার। ভালো প্রস্তুতি নিতে না পারায় সুযোগ পেলাম না মেডিকেলে। মন শক্ত করে পরীক্ষা দিতে থাকলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। অবশেষে সুযোগ পেলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বে। বেশ উপভোগ করছি বিশ্ববিদ্যালয়ের বর্ণিল জীবন,’ বলছিলেন তামীম তারান্নুম।
শুধু বিজ্ঞান বিষয়ইে নয়, অন্য ইউনিটে সুযোগ প্রাপ্তদের তালিকায়ও সামনের দিকেই থাকেন মেডিকেল কলেজে ভর্তি হতে না-পারা শিক্ষার্থীরা। ‘মেডিকেলে হলো না বলে মন খারাপ না করে প্রস্তুতি নিলাম অনেক জায়গায়। অবশেষে মেধাতালিকায় ২৮তম হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে,’ বলছিলেন তাপসী বিনতে মাহমুদ চৌধুরী।
‘প্রথমবার যখন কোথাও সুযোগ পেলাম না, খুব কষ্ট লেগেছিল। এক বছর পড়াশোনা করে পরের বার সুযোগ পাই সাতক্ষীরা মেডিকেল কলেজে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএতে আমার অবস্থান ছিল ৩৯তম, তাই মেডিকেলে না পড়ে বিবিএতেই ভর্তি হই,’ ফারদীন শাহরিয়ার বলছিলেন তাঁর লক্ষ্য পরিবর্তনের গল্প।
তবে হ্যাঁ, কেউ যদি সংকল্প করে বসে থাকেন চিকিৎসক তাঁকে হতেই হবে, তবে তাঁকে দ্বিতীয়বার পরীক্ষায় বসার জন্য তৈরি হতে হবে এখন থেকেই। ‘প্রথমবার মেডিকেলে সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়েছিলাম। আশপাশের মানুষ বাজে কথা বলত। নিজেরও খারাপ লাগত। কিন্তু আমি আত্মবিশ্বাস হারাইনি। পুরোদমে আবার লেখাপড়া শুরু করি এবং দ্বিতীয়বার সুযোগ পাই।’ সোহরাওয়ার্দী মেডিকেলের শিক্ষার্থী সাইফুজ্জামান এভাবেই বলছিলেন তাঁর সংগ্রামের কথা।
সুতরাং, মেডিকেল কলেজের প্রথমবারের ভর্তি পরীক্ষায় ঝরে পড়া শিক্ষার্থীরা, তোমাদের সামনে এখনো খোলা আছে সম্ভাবনার অনেক দুয়ার। আজই নতুন করে পড়া শুরু করো, সাফল্য না আসার কোনো কারণ নেই।