যিনি শুধুই গড়ে যেতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনা একটি প্রতিষ্ঠানের স্মার্টফোন নিয়ে নিজের মতামত দিচ্ছেন স্টিভ ওজনিয়াক
চীনা একটি প্রতিষ্ঠানের স্মার্টফোন নিয়ে নিজের মতামত দিচ্ছেন স্টিভ ওজনিয়াক

প্রযুক্তি নিয়ে নতুন কিছু সৃষ্টি করাই তাঁর নেশা। স্টিভ ওজনিয়াককে ‘প্রযুক্তি গুরু’ হিসেবে চেনেন অনেকে। আজকের বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠান অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা তিনি। এখন তিনি নতুন করে একটি উদ্যোগের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। এন্টারপ্রাইজ স্টোরেজ সেবাদাতা একটি প্রতিষ্ঠানের ‘প্রাইমারি ডেটা’বিষয়ক প্রধান বিজ্ঞানী হিসেবে কাজ নিয়েছেন তিনি। ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটির একটি সম্মেলনে ওজনিয়াক বলেছেন, তিনি কোন প্রতিষ্ঠানে কী পদে কাজ করছেন, তার চেয়ে ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলটাই বেশি গুরুত্বপূর্ণ। পণ্যটি কি ভোক্তা, নাকি ব্যবসা-উপযোগী তার চেয়ে কাজটিই তাঁর কাছে প্রাধান্য পায় বেশি।
ওজনিয়াক বলেন, ‘আমার ধারণাটি কাজের মধ্যে ফুটিয়ে তুলতেই আমি গুরুত্ব দিই। দারুণ উপযোগী ধারণা নিয়ে কাজ করা, সেই ধারণাকে পণ্যে রূপান্তর করা এবং সত্যিকারের উপযোগী পণ্য বাজারে আনাই আমার কাজ।’

জবস ছবিতে স্টিভ জবস ও ওজনিয়াকের চরিত্রে অ্যাস্টন কুচার ও জস গ্যাড
জবস ছবিতে স্টিভ জবস ও ওজনিয়াকের চরিত্রে অ্যাস্টন কুচার ও জস গ্যাড


অ্যাপলের স্মৃতিচারণা করে স্টিভ ওজনিয়াক বলেন, ‘প্রকৌশল দিয়েই শুরু হয়েছিল অ্যাপলের যাত্রা। এর পরের ১০ বছর আমরা বিপণন নিয়ে কাজ করেছি। আমরা ব্যর্থ হয়েছি কিন্তু এই ব্যর্থতাগুলোর বেশির ভাগ ছিল বিপণন ব্যর্থতা।’
প্রযুক্তি বিশ্লেষকেরা বলেন, বর্তমানের প্রযুক্তিপ্রেমী প্রজন্মের যাত্রা শুরু হয়েছিল যাঁদের হাত ধরে, তাঁদেরই একজন ওজনিয়াক। স্টিভ ওজনিয়াক এবং স্টিভ জবস ভালো বন্ধু ছিলেন। তাঁরা দুজন ১৯৭৬ সালে বাড়ির গ্যারেজে বর্তমানের জনপ্রিয় অ্যাপল কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন।

ওজনিয়াকের যন্ত্রপাতি
ওজনিয়াকের যন্ত্রপাতি

 স্টিভ ওজনিয়াককেই অ্যাপলের প্রথম কম্পিউটার তৈরি এবং প্রোগ্রামের জন্য পুরো কৃতিত্ব দেয়া হয়। ১৯৮১ সালে মারাত্মক একটি বিমান দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারিয়েছিলেন ওজনিয়াক। ১৯৮৭ সালে তিনি আনুষ্ঠানিকভাবে অ্যাপল ছেড়ে দেন এবং বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবনে কাজ শুরু করেন।উদ্যোক্তা প্রতিষ্ঠানের প্রকৌশলীদের ভূমিকা প্রসঙ্গে ওজনিয়াক বলেন, ‘অনেক মানুষেরই অনেক কিছু করার ধারণা থাকে, শুধু প্রতিষ্ঠান সেগুলো বুঝতে পারে সত্যিকারের কোনো পণ্য তৈরি করতে পারে এবং তা থেকে সম্মান ও অর্থ দুটোই আসে। এর অর্থ এই নয় যে, প্রকৌশলীদের কাছেই সব সময় ধারণা থাকবে।
তাঁদের একসঙ্গে কাজ করতে হবে। তাঁরা এই ফর্মুলার একটি বিশাল অংশ হিসেবে কাজ করবেন। প্রকৌশলীদের সমস্যা সমাধান করতে শেখানো হয়। নির্ভুলভাবে যেন তাঁদের তৈরি যন্ত্র কাজ করে তা নিয়েই তাঁদের কাজ।’
সমালোচকেরা বলে থাকেন, অনেক প্রতিষ্ঠান ওজনিয়াককে রীতিমতো ভয় পায়। শুধু শুধু অবশ্য ভয় পায় না। বিখ্যাত অনেক প্রতিষ্ঠানের যন্ত্রাংশের ত্রুটি ধরে নিয়ে বের করে তিনি তাঁদের চোখে ‘খলনায়ক’ বনে গেছেন। আবার সময় সময় তিনি এমন সব যন্ত্র তৈরি করেন যা মানুষকে বিরক্ত করতে যথেষ্ট। তাঁর বিশেষ আগ্রহ হচ্ছে নতুন মোবাইল ফোন বাজারে এলে প্রথম মুঠোফোনটি সংগ্রহ করা। তিনি সঙ্গে সব সময় এক বাক্স যন্ত্রপাতি নিয়ে ঘোরেন এবং নতুন প্রযুক্তি উদ্ভাবন করার কাজ শুরু করে দেন।