
বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে বিদেশে উচ্চশিক্ষার জন্য এখনো যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোই প্রথম প্রছন্দ। কিন্তু এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়মকানুন কিংবা ভিসাসংক্রান্ত জটিলতা নিয়ে নানা ঝক্কি-ঝামেলার কথা শোনা যায় হরহামেশাই। তাই যুক্তরাজ্যে পড়তে যেতে আগ্রহী শিক্ষার্থীদের এমন দরকারি নানা তথ্য জানাতেই হয়ে গেল ‘এডুকেশন ইউকে এক্সিবিশন ২০১৪।’ ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে যুক্তরাজ্যের স্বীকৃত ও স্বনামধন্য ৪০টি কলেজ ও বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছিল এই মেলায়। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট—দেশের তিনটি বিভাগীয় শহরে বসেছিল এই মেলা। মেলার শুরু হয়েছিল ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের আয়োজন দিয়ে।
১৩ ফেব্রুয়ারি মেলায় আসা ইস্টার্ন ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী নাসির উদ্দিন ও মাহফুজুর রহমান বলছিলেন তাঁদের অনুভূতি, ‘আমরা আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি নিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির চেষ্টা করছি। যুক্তরাজ্যের ভিসাপদ্ধতি, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাবৃত্তির সুযোগসহ নানা বিষয় সম্পর্কে বিস্তারিত জানতেই মেলায় এসেছি।’ শুধু নাসির কিংবা মাহফুজই নন, দুই দিনের এই শিক্ষা মেলায় এমন অনেক ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী এসেছেন প্রয়োজনীয় তথ্য জানতে। দি ইউনিভার্সিটি অব বল্টনের স্টলের সামনে কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শম্পা ইসলামের সঙ্গে। বেশ উচ্ছ্বাসের সঙ্গেই তিনি বলছিলেন, ‘আমার স্নাতক শেষ হতে এখনো দুই বছর। যেহেতু পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে দেশের বাইরে পাঠানোর, তাই বন্ধুদের সঙ্গে এসেছি আগে থেকেই অভিজ্ঞতা নিতে।’
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো তাদের নানা সুযোগ-সুবিধার কথা শিক্ষার্থীদের কাছে তুলে ধরে। ব্রিটিশ কাউন্সিলের স্টল থেকে শিক্ষার্থীদের আইএলটিএস বিষয়ে আদ্যোপান্ত জানানো ছাড়াও যুক্তরাষ্ট্রে ভিসার আবেদন প্রক্রিয়া, অভিবাসন, শিক্ষা ক্ষেত্রে বৃত্তিসুবিধাসহ নানা বিষয়ে তথ্য দেওয়া হয়। কথা হয় তরুণ পেশাজীবী আবু সায়েমের সঙ্গে। তিনি জানান, ‘বিদেশে পড়তে যাওয়া নিয়ে নানাজনের কাছ থেকে অনেক বিভ্রান্তিকর তথ্য শুনতে হয়েছে। আর ইন্টারনেট ঘেঁটে প্রাথমিক ধারণা হয়তো পাওয়া যায় কিন্তু এখানে সরাসরি কথা বলে অনেক অজানা প্রশ্নেরও উত্তর পেয়েছি।’
ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে ১৬তম বারের মতো অনুষ্ঠিত হয়েছে বার্ষিক এই শিক্ষা মেলাটি। ঢাকার বাইরে চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় ১৬ ফেব্রুয়ারি ও সিলেটে রোজভিউ হোটেলে ১৯ ফেব্রুয়ারি মেলার আয়োজন হয়। এখানে শুধু শিক্ষার্থীরা নন, অংশ নিয়েছেন অভিভাবক, শিক্ষকসহ দেশীয় বিভিন্ন পরামর্শক ফার্মগুলোও।