যুক্তরাজ্যে এক গিগাবাইট গতির ব্রডব্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ টেলিকম (বিটি) ঘোষণা দিয়েছে, ইংল্যান্ডের ইস্ট অ্যাংলিয়ার সাফোক এলাকায় এবং ৪০টি ছোট শহরে এক গিগাবাইট গতির ফাইবার ব্রডব্যান্ড সংযোগ পরীক্ষামূলকভাবে চালু করবে। সংস্থাটি জানায়, তাদের এই উদ্যোগ ব্রিটিশ সরকার ২০১৫ সালের মধ্যে দেশজুড়ে সেরা ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালুর যে পরিকল্পনা নিয়েছে তাকে সমর্থন করে। ব্রিটেনের টেলিযোগাযোগ ও ইন্টারেনটব্যবস্থা পর্যবেক্ষক সংস্থা অফকমের হিসাব অনুযায়ী, ব্রিটেনে ১ শতাংশেরও কম বাড়িতে দ্রুতগতির ব্রডব্যান্ড সংযোগ রয়েছে। তাই ব্রিটিশ সরকার ব্রডব্যান্ড সংযোগের গতি বাড়ানোর ব্যাপারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। ব্রিটিশ সরকার দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়ার জন্য ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে ৮৩০ মিলিয়ন পাউন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। তবে এই পরিমাণ তহবিল পেলে দেশের ৬৬ শতাংশ এলাকায় দ্রুতগতির ব্রডব্যান্ড সংযোগ দেওয়া সম্ভব হবে। ব্রিটেনের সংস্কৃতমন্ত্রী জেরেমি হান্ট আগামী সপ্তাহে দেশের ব্রডব্যান্ড কৌশল সম্পর্কে ব্যাখ্যা দেবেন। বিটি যেসব ছোট শহরে এক গিগাবাইট গতির ফাইবার ব্রডব্যান্ড সংযোগ দেওয়ার কথা বলেছে, সেসব শহরের নাম এখনো প্রকাশ করেনি। তবে বিটি জানিয়েছে, ২০১১ সালের শেষ নাগাদ এই ফাইবার ব্রডব্যান্ড সংযোগ চালু করা হবে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান