যুক্তরাজ্যে চার সন্দেহভাজন হ্যাকার গ্রেপ্তার
হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস ও লুলজসেকের বিরুদ্ধে পুলিশি অভিযানের অংশ হিসেবে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব সন্দেহভাজনকে ডনকাস্টার, উইন্টশায়ার, নর্দাম্পটন ও লন্ডন থেকে গ্রেপ্তার করা হয়। স্কটল্যান্ড ইয়ার্ডের ই-ক্রাইম বিভাগ এদের জিজ্ঞাসাবাদ করছে। ব্রিটিশ আইন প্রয়োগকারী সংস্থা ও এফবিআই যৌথভাবে হ্যাকারদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে। অ্যানোনিমাসের আরও ১৪ সন্দেহভাজন সদস্যকেও একই সময়ে মার্কিন আদালতে হাজির করা হয়। ওই দুই হ্যাকার গ্রুপ বিশ্বের প্রধান প্রধান কয়েকটি করপোরেশন ও সরকারি প্রতিষ্ঠানে হামলা চালানোর পর এর সঙ্গে জড়িত ব্যক্তিদের খোঁজে সারা বিশ্বেই অভিযান চালানো হচ্ছে।আমাজোন, পেপল, সিআইএ, মার্কিন সিনেট ও ব্রিটেনের সিরিয়াস অর্গানাইসড ক্রাইম এজেন্সির মতো প্রতিষ্ঠানগুলোতে অ্যানোনিমাস ও লুলজসেক গ্রুপের সদস্যরা হ্যাকিং করেন। হ্যাকাররা এসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলো অকার্যকর করে দেন।ব্রিটিশ কর্তৃপক্ষের হাতে সর্বশেষ আটক হওয়া ব্যক্তিদের মধ্যে নর্দাম্পটনের ক্রিস্টোফার ওয়েদারহেডকে (২০) নর্দাম্পটন থেকে এবং লন্ডনের নিকটবর্তী কেনিংটন এলাকার অ্যাশলে রোডসকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এই দুজনকে ৭ সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।এ ছাড়া গোয়েন্দারা হ্যাকিংয়ের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে উইন্টশায়ার থেকে ২০ বছর বয়সী একজন ও ডনকাস্টার থেকে ২৪ বছর বয়সী আরেক যুবককে আটক করে। কম্পিউটার মিসইউজ অ্যাক্ট ১৯৯০-এর আওতায় তাঁদের আটক করা হয়। —বিবিসি অবলম্বনে ইসরাত জাহান