যুক্তরাজ্যে টুইটারে খেলাই বেশি আলোচিত

খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে ২০১৩ সালে যুক্তরাজ্যের গ্রাহকেরা সবচেয়ে বেশি আলোচনা করেছেন ফুটবল নিয়ে। তাঁদের টুইটার চ্যাটের আলোচনায় শীর্ষে ছিল চ্যাম্পিয়ন লিগের খেলায় রিয়াল মাদ্রিদের কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের পরাজয়।
বছরের শুরুতে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে উইম্বলডল টেনিসে অ্যান্ডি মারির জয় ও গ্লাসটনবারিতে ইংলিশ ব্যান্ড দল মামফোর্ড অ্যান্ড সন্সের ব্যান্ড কনসার্ট। তবে অন্যান্য ঘটনাও আলোচিত হয়েছে টুইটারে। এর মধ্যে রয়েছে, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস খ্যাত মার্কিন তারকা পল ওয়াকারের মৃত্যু। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর চার লাখ মানুষ রিটুইট করেছেন।
কানাডীয় অভিনেতা ও সংগীতজ্ঞ কোরি মনটিথের মৃত্যুর খবরটি চার লাখ আট হাজার বার শেয়ার হয়েছে। এ জন্য মন্টিথের জীবনসঙ্গিনী লি মিশেলে টুইটার ব্যবহারকারীদের ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, টুইটার চ্যাটে আনন্দ উৎসবের ঘটনার চেয়ে দুঃখজনক ঘটনা বেশি স্থান পেয়েছে। আর এ বছর আলোচনার শীর্ষে থাকা ১০টি ঘটনার মধ্যে আটটিই হচ্ছে খেলাধুলাসংক্রান্ত।
—বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান