যুক্তরাজ্যে ফোর জি নেটওয়ার্ক চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ১১টি শহরে প্রথমবারের মতো চতুর্থ প্রজন্মের (ফোর জি) মুঠোফোনসেবা চালু হয়েছে। দেশটির অন্যতম মুঠোফোন সেবাদাতা এভরিথিং এভরিহয়্যার (ইই) এই সেবা চালু করেছে। ৩০ অক্টোবর সকাল থেকেই ব্রিস্টল, বার্মিংহাম, কার্ডিফ, এডিনবরা, গ্লাসগো, লিডস, লিভারপুল, লন্ডন, ম্যানচেস্টার, শেফিল্ড ও সাউদাম্পটন শহরের ইইর গ্রাহকেরা এই সেবা পাচ্ছেন। যদিও গত ১১ সেপ্টেম্বর একটি সেমিনারে ১৬টি শহরে ফোর জি চালুর ঘোষণা দিয়েছিল ইই।অন্য মুঠোফোন অপারেটররা আগামী বছরের আগে এই সেবা চালু করতে পারছেন না। ইইর প্রধান নির্বাহী কর্মকর্তা ওলাফ সোয়ানটি ৩০ অক্টোবর এক বিবৃতিতে বলেন, ‘আজকের দিনটি আমাদের কোম্পানির জন্য, যুক্তরাজ্যের মুঠোফোনশিল্পের জন্য এবং দেশের ব্যবসায়ী ও গ্রাহকদের জন্য ঐতিহাসিক একটি দিন।’ ইই জানায়, আপাতত ১১টি শহরে ফোর জি মুঠোফোনসেবা চালু হলেও ধীরে ধীরে এর পরিধি বাড়ানো হবে। প্রতি মাসে দুই হাজার বর্গমাইল এলাকা ফোর জি মুঠোফোনসেবার আওতায় আনা হবে। আগামী বড়দিনের মধ্যে বেলফাস্ট, ডারবি, নিউক্যাসল ও নটিংহাম এই সেবার আওতায় আসবে। ফোর জি প্রযুক্তি তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক প্রযুক্তির চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে কাজ করবে। এই প্রযুক্তি হাইডেফিনেশন ভিডিও সমর্থন করে।৫০০ মেগাবাইট ডেটা ব্যবহারের জন্য গ্রাহকদের মাসে দিতে হবে ৩৬ পাউন্ড এবং ৮ গিগাবাইট ডেটা ব্যবহারের জন্য দিতে হবে ৫৬ পাউন্ড। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান