যুক্তরাজ্যে বন্ধ হচ্ছে অশ্লীল সাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ইন্টারনেট ব্যবহারকারীরা আগামী বছর থেকে কোনো অশ্লীল বা পর্নোগ্রাফিক ওয়েব সাইট দেখতে পারবে না। দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল সোমবার এ ঘোষণা দিয়েছেন। যুক্তরাজ্যের সব ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এ বছরের শেষ নাগাদ তাদের বিদ্যমান ও নতুন গ্রাহকদের অনুরোধ জানাবে তারা যেন ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্টার সফটওয়্যারটি ইন্সটল করে নেয়। এর ফলে কেউ আর ইন্টারনেটে পর্নোগ্রাফি দেখতে পারবে না। আর কেউ যদি সফটওয়্যারটি ইন্সটল না-ও করে, তাহলে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার ইনস্টল করে দেওয়া হবে। শুধু তা-ই নয়, চাইল্ড এক্সপ্লয়টেশন অ্যান্ড অনলাইন প্রটেকশন সেন্টারের (সিইওপি) বিশেষজ্ঞদের গোপন ফাইল শেয়ারিং নেটওয়ার্কগুলোর ওপর নজরদারি করার জন্য আরও ক্ষমতা দেওয়া হবে। ডেভিড ক্যামেরন গতকাল এ ঘোষণা দিয়ে বলেন, পর্নোগ্রাফি শিশুদের জন্য ক্ষতিকর। এটি শিশুদের সুন্দর শৈশবকে কেড়ে নেয়। তাদের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে। ডেভিড ক্যামেরনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন নারী সংগঠন এবং শিশু পর্নোগ্রাফির বিরুদ্ধে প্রচারাভিযান চালানো কয়েকটি সংগঠন। এ রকম একটি সংগঠন ‘অ্যান্ড ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন কোয়ালিশন। এর পরিচালক হলি ডাসটিন বলেন, এ ধরনের একটি ঘোষণা আসায় আমরা খুবই আনন্দিত। এর আগে গত রোববার ডেভিড ক্যামেরন শিশুদের যৌনকর্মে ব্যবহার করা হচ্ছে এমন সব ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার ব্যাপারে আরও জোরদার পদক্ষেপ নেওয়ার জন্য ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান