যুক্তরাজ্যে বাড়ছে ব্রডব্যান্ডের ব্যাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ টেলিকম (বিটি) ২০১২ সালের মধ্যে দ্রুতগতির ইন্টারনেট-সুবিধা বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে বেশকিছু অঞ্চলকে বিশেষভাবে চিহ্নিত করার মাধ্যমে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। এ জন্য বিটি এরই মধ্যে প্রায় ২৫০ কোটি টাকা বরাদ্দ করেছে, যার মাধ্যমে যুক্তরাজ্যের দুই-তৃতীয়াংশ অঞ্চল ব্রডব্যান্ডের আওতায় আসবে বলে জানা গেছে। যেসব অঞ্চলে এ সুবিধা বাড়ানো হচ্ছে, তার মধ্যে প্রত্যন্ত অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিটি। প্রতিষ্ঠানটির চলতি বছরের শেষ অবধি প্রায় ৪০ লাখ বাড়ি ব্রডব্যান্ডের আওতায় আসবে বলে জানিয়েছে। এ ছাড়া ২০১৫ সালের মধ্যে আরও এক কোটি ২০ লাখ বাড়িতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে। দেশটির যোগাযোগমন্ত্রী ইডি ভেইজে বলেন, ‘যখনই আমি যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে যাই, সাধারণ মানুষ দ্রুতগতির ইন্টারনেটের কথা বলে। বিটির এমন উদ্যোগ সত্যিই এসব সাধারণ মানুষকে দ্রুতগতির ইন্টারনেট-সুবিধা পেতে সাহায্য করবে।’ তবে এ কাজে বিটির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার প্রতি জোর দেওয়া হয়েছে। ইন্টারনেট-সুবিধা দেশব্যাপী ছড়িয়ে দিতে এমন উদ্যোগের প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এখন দ্রুতগতির ইন্টারনেট ছাড়া অনেক কিছুই ভালোভাবে করা সম্ভব নয়। প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট ছড়িয়ে দিতে এমন উদ্যোগ জরুরি বাস্তবায়ন প্রয়োজন। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী