যুক্তরাজ্যে ব্রডব্যান্ড নেটওয়ার্ক বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ব্রিটিশ টেলিকম (বিটি) পরবর্তী প্রজন্মের জন্য দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাড়াতে নেটওয়ার্ক বিস্তৃত করছে।নতুন এই সেবায় যে ফাইবার অপটিক তার যুক্ত হচ্ছে, তা দিয়ে প্রতি সেকেন্ডে ৪০ মেগাবিটস (এমবিপিএস) হারে উপাত্ত (ডেটা) আদান-প্রদান করা যাবে।যা ২০১২ সালের মধ্যে ৪০ শতাংশ মানুষ ব্যবহার করতে পারবে। ২০১৫ সালের মধ্যে আরও ২০ শতাংশ মানুষ এই সুবিধা পাবে।তবে যুক্তরাজ্যের প্রথম ৪০ লাখ ব্যবহারকারী চলতি বছরের শেষ দিকেই নতুন এই নেটওয়ার্কে যুক্ত হবে বলে জানা গেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি অনলাইন ভিডিও গেম সেবাদাতা একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। ফলে বিটির গ্রাহকেরা সহজে ইন্টারনেটে অনলাইন গেম খেলতে পারবে। বিটির কর্মকর্তা গারফিল্ড জানান, বর্তমানে প্রায় ৬৬ শতাংশ মানুষ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত এবং এক-তৃতীয়াংশ নিজের বাসায় ফাইবার সুবিধা ব্যবহার করে। নেটওয়ার্কের সেবা যত উন্নত হচ্ছে, ততই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে এবং ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার বাড়ছে। নতুন এই ঘোষণাকে নেটওয়ার্ক প্রতিষ্ঠানগুলো বিশেষ উদ্যোগ বলছে। ইনডিপেনডেন্ট নেটওয়ার্কস কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন দ্রুতগতির ব্রডব্যান্ড সুবিধা সবার দোরগোড়ায় নিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে এই উদ্যোগকে অভিহিত করেছে। ইতিমধ্যে যুক্তরাজ্যের অনেক গ্রামে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পৌঁছে গেছে, তবে গ্রামের ব্যবহারকারীদের জন্য এর মূল্যটা অনেক বেশি বলে মন্তব্য করেছেন এক ব্যবহারকারী। এ ক্ষেত্রে শুধু দ্রুতগতির ব্রডব্যান্ড সুবিধা পৌঁছানোই নয়, এর মূল্য কমানোর ব্যাপারেও নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।—বিবিসি