সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে চালু হওয়া স্থান নির্বাচনের (ফেসবুক প্লেস) সুবিধা সম্প্রতি যুক্তরাজ্যেও চালু হয়েছে। এই সেবা চালু হওয়ার পর থেকেই শুধু যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীরা এই সুবিধা পেতেন। ফেসবুকের এই সুবিধার মাধ্যমে বন্ধুদের স্থানগত তথ্য জানা যায়। শুধু তাই নয়, এই সেবায় ট্যাগের মাধ্যমে তাঁদের সঙ্গে অন্য কোনো ফেসবুক বন্ধু অবস্থান করলে তা-ও জানা যাবে সহজে। ফেসবুক প্লেস সেবাটি ব্যবহারকারীরা পাচ্ছেন আইফোন ও অন্যান্য স্মার্টফোনের মাধ্যমেও। ফেসবুক প্লেসের পণ্য ব্যবস্থাপক মিখায়েল শ্যারন জানান, নতুনভাবে চালু হওয়া এই সেবা ধীরে ধীরে ফেসবুকের সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে। তিনি জানান, এই সেবা পেতে বিশেষ ধরনের একটি প্রোগ্রামের প্রয়োজন, যা ফেসবুকের পক্ষ থেকে মোবাইল ফোনের মুক্ত অপারেটিং অ্যান্ড্রোয়েড-চালিত স্মার্টফোনসহ সব ধরনের ফোনের জন্য এই সেবা উন্মুক্ত করার কাজ চলছে। এ ব্যাপারে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আইফোনে এই সেবা পেতে চালু হয়েছে প্লেস এপিআই নামের একটি সফটওয়্যার। সব মিলিয়ে ব্যবহারকারীরাও উচ্ছ্বসিত নতুন এই সেবা পেয়ে। বিশেষজ্ঞদের মতে, নানা ধরনের বিতর্ক থাকা সত্ত্বেও ফেসবুকের এ ধরনের সেবা ব্যবহারকারীদের খুব সহজে আকৃষ্ট করতে পারছে। তবে সেবাটি যত দ্রুত সম্ভব সব ব্যবহারকারীর কাছে পৌঁছানো এবং নিরাপত্তার দিকটি গুরুত্বের সঙ্গে বিবেচনার প্রয়োজন বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। —টেলিগ্রাফ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী