
গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছে দেশটির জনগণ। একে বলা হচ্ছে ব্রেক্সিট। বিশ্লেষকেরা বলছেন, ব্রেক্সিটের প্রভাব সরাসরি গিয়ে পড়বে যুক্তরাজ্যসহ বিশ্বের অন্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে। এরই মধ্যে প্রতিষ্ঠানগুলো ইউরোপের অন্যান্য অঞ্চলে স্থানান্তর কিংবা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে ভাবছে। ইউরোপীয় বাজারে স্বতঃস্ফূর্ত প্রবেশাধিকার হারিয়ে যুক্তরাজ্যের অর্থনৈতিক–প্রযুক্তি (ফিনটেক) বেশ ক্ষতির মুখে পড়বে।
গোটা ইউরোপের অর্থনৈতিক রাজধানী হিসেবে লন্ডনের বেশ শক্তপোক্ত অবস্থান ছিল। আর ফিনটেক যুক্তরাজ্যের সবচেয়ে প্রতিশ্রুতিশীল ক্ষেত্র। ইউরোপের প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলো সাধারণত যুক্তরাজ্যকেন্দ্রিক। গোটা ইউরোপ থেকে দক্ষ মানবসম্পদ পাওয়ায় অন্য কোথাও স্থানান্তরের কথা এত দিন তাদের ভাবতে হয়নি। তবে চিত্র এখন সম্পূর্ণ ভিন্ন। প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবেই মেধা সংকটে পড়বে।
বৈদেশিক মুদ্রা বিনিময় সেবা ট্রান্সওয়াইজের সহপ্রতিষ্ঠাতা ট্যাবেট হিনরিকাস বলেছেন, অর্থনৈতিক বিধিনিষেধের এবং মেধার ওপর প্রভাব পড়াটা ব্যবসায়ের জন্য দুটি বড় ইস্যু। ইউরোপীয় ইউনিয়নের অংশ থাকায় যুক্তরাজ্যের এ দুটিই প্রধান ইতিবাচক দিক ছিল।
গণভোটের আগে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছিলেন হিনরিকাস যে বিচ্ছেদের পক্ষে রায় হলে তাঁর প্রতিষ্ঠান লন্ডনের সদর দপ্তর স্থানান্তরের কথা বিবেচনা করবে। এ ব্যাপারে হিনরিকাস এখন বলছেন, ‘লন্ডনের কার্যালয় বন্ধ করে দেব, এমনটা সম্ভব না। কিন্তু আমরা সম্ভবত এখানে আর কাজের ক্ষেত্র বাড়াব না। সদর দপ্তর অন্য কোথাও সরিয়ে নেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।’ অন্য প্রতিষ্ঠানগুলোর চিত্র ঠিক এমনই। ভেনচার ক্যাপিটাল প্রতিষ্ঠান মোজাইকের সহপ্রতিষ্ঠাতা টবি কপেল অবশ্য আশার কথা শুনিয়েছেন। তাঁর মতে, এখনই বিচলিত হওয়ার মতো কিছু হয়নি।
যুক্তরাজ্যের প্রযুক্তি ক্ষেত্র সার্বিকভাবে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষেই ছিল। বড়জোর ১৫ শতাংশ বিপক্ষে মত দিয়েছেন। ১০০ কোটি ডলারের বেশি মূল্যের কোনো প্রতিষ্ঠানই চায়নি যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে যাক। অন্তত আগামী দুই বছর ইউরোপীয় ইউনিয়নেই থাকছে যুক্তরাজ্য। আর তাই প্রভাবটা এখনই হয়তো টের পাওয়া যাবে না। তবে দীর্ঘমেয়াদি একটা প্রভাব যে পড়ছে, তা সবারই জানা।
সূত্র: দ্য গার্ডিয়ান