যুক্তরাজ্যের সবচেয়ে বয়স্ক টুইটার ব্যবহারকারী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সবচেয়ে বয়স্ক টুইটার ব্যবহারকারী ইভি বেন মারা গেছেন। ১০৪ বছর বয়সী তাৎক্ষণিক বার্তা প্রকাশের (মাইক্রোব্লগিং) জনপ্রিয় ওয়েবসাইট টুইটার ব্যবহারকারী ইভি বেন ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন। নিয়মিতভাবে টুইটার ব্যবহারকারী ইভির অনুসারীর সংখ্যা ছিল প্রায় ৫৬ হাজার। তাঁর স্বামী প্যাট রাইট ইভির মৃত্যুর খবর সম্প্রতি টুইটারের মাধ্যমেই জানিয়েছেন। ২০০৮ সালে টুইটারে যোগ দেওয়ার আগের বছর সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে যোগ দেন ইভি। তবে টুইটার ব্যবহারের ক্ষেত্রে তিনি বেশ মনোযোগী ছিলেন। তাঁর অনুসরণকারীর মধ্যে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী পিটার অ্যান্ড্রে, কার্স ইভানস, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্ত্রী সারাহ ব্রাউনসহ অনেকে। ২০০৭ সাল থেকে নিয়মিতভাবে ইন্টারনেট ব্যবহারকারী ইভি ফেসবুকে প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৬ হাজার বার্তা পেতেন। টুইটারে নিজের স্ট্যাটাসগুলো সব সময়ই দৈনন্দিন জীবন ও বন্ধুদের নিয়ে লিখতেন তিনি। টুইটারে ৬ জুলাই তিনি শেষবারের মতো বার্তা দেন। —বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী