যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটে আক্রমণ
বিশ্বের অন্যতম হ্যাকিং গ্রুপ অ্যানোনিমাস যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরসহ বেশ কিছু সাইটে প্রবেশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অ্যানোনিমাস জানিয়েছে, তারা প্রতি সপ্তাহে এসব ওয়েবসাইটে প্রবেশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। এর আগে ৪ এপ্রিল অ্যানোনিমাস টুইটার বার্তায় জানায়, তারা প্রতি শনিবার যুক্তরাজ্যের বিভিন্ন সরকারি সাইটে হামলা করবে। ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অব সার্ভিসেস (ডিডিওএস) নামের আক্রমণের মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশের ক্ষেত্রে ধীরগতিতে ওয়েবসাইট খোলে। এ ক্ষেত্রে ওয়েবসার্ভারে একই সময়ে অনেক বেশি ওয়েবসাইটে প্রবেশের চাপ পড়ে এবং এর ফলে ওয়েবসাইট ধীরগতির হয়ে যায়। গতকাল শনিবার যুক্তরাজ্যের সময় অনুযায়ী রাত নয়টা থেকে সরকারি ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক রয়েছে, এমন তথ্য প্রদর্শন করা হয়। পরে রাত দুইটার মধ্যে সাইটটি আবার ঠিক হয়। আক্রমণের কারণ হিসেবে অ্যানোনিমাস জানিয়েছে, ইন্টারনেটের ওপর কঠোর নজরদারির প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ এ আক্রমণ চালানো হয়েছে। তবে এ দাবির বিপক্ষেও একদল নিজেদের মতামত জানিয়েছে। তাদের মতে, যুক্তরাজ্যের কোনো অধিবাসী অপরাধ করলে তার বিচার দেশেই হওয়া উচিত; তাকে বিদেশিদের হাতে তুলে দেওয়া ঠিক নয়। আর এর প্রতিবাদে এ আক্রমণ। ২০০২ সালে লন্ডনের অধিবাসী ম্যাক কিনন যুক্তরাষ্ট্রের মিলিটারি কম্পিউটার সিস্টেমে হামলা চালান। বিচারের জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানোর ব্যাপারে আলোচনা চলছিল। গত মাসে হাউস অব কমনস স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ কমিটি জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বহিঃসমর্পণ-প্রক্রিয়ার নিয়মে পরিবর্তন আনার ব্যাপারে আলোচনা করেছে। এর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ই-মেইল পর্যবেক্ষণ আইন পার্লামেন্টে পাস করবে শিগগিরই। আর এসব বিষয়ে নিজেদের অপারগতা জানাতেই এ কাজ করেছে হ্যাকারের দল। এ ব্যাপারে মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘এ ব্যাপারে আমরা আলাদা নজর রাখছি এবং বিভিন্ন ধরনের প্রতিরোধব্যবস্থাও নেওয়া হয়েছে।’ —বিবিসি অবলম্বনে কাজী আশফাক আলম