যুক্তরাজ্যের ৮০০ বছরের আইনি নথি ইন্টারনেটে উন্মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২১৫ সালে স্বাক্ষরিত ম্যাগনাকার্টা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যুক্তরাজ্যের প্রায় ৮০০ বছরের আইন ও আইন প্রণয়নসংক্রান্ত নথিপত্র এবং দলিল-দস্তাবেজ সে দেশের সরকার সবার জন্য ইন্টারনেটে উন্মুক্ত করে দিয়েছে। www.legislation.gov.uk ঠিকানার সাইটে যুক্তরাজ্যের সংসদে এ যাবৎকালে প্রণীত প্রতিটি আইনের নথিপত্র ও দলিল-দস্তাবেজ পাওয়া যাবে। সাইটটি তৈরিতে খরচ হয়েছে বাংলাদশি মুদ্রায় প্রায় চার কোটি ৬০ লাখ টাকা এবং এতে ৬৫ লাখ ওয়েব পাতা (ওয়েব পেইজ) ও ৬৫ লাখ মুদ্রণযোগ্য পিডিএফ ফাইল রয়েছে। যে কেউ এখান থেকে যেকোনো ধরনের তথ্য সংগ্রহ করতে পারবেন। যুক্তরাজ্যের জাতীয় আর্কাইভসের তত্ত্বাবধানে সাইটটি তৈরি হয়েছে এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও জাতীয় আর্কাইভসের। প্রতিদিন দুপুর দুইটা ৩০ মিনিটে আইন প্রণয়নসংক্রান্ত সর্বশেষ তথ্য যোগের মাধ্যমে সাইটটি হালনাগাদ করা হবে। যুক্তরাজ্যের জাতীয় আর্কাইভসের ই-পরিষেবা বিভাগের প্রধান জন শেরিডানের ভাষায় ‘জনগণের সামনে সরকারি তথ্য পুরোপুরি উন্মুক্তকরণের লক্ষ্যে সাইটটি একটি অন্যতম পদক্ষেপ। গত এক দশকে ইন্টারনেটের মাধ্যমে যে কয়টি বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে, সরকারি তথ্য উন্মুক্তকরণ সেগুলোর মধ্যে অন্যতম। আমরাই বিশ্বের প্রথম দেশ, যারা এ ধরনের একটি বড় ও স্পর্শকাতর কাজ সুচারুরূপে সম্পন্ন করতে পেরেছি।’ —ডেইলি টেলিগ্রাফ অবলম্বনে সুজয় দাস