যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রযুক্তি সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রযুক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারের ম্যারিয়ট মারকুইস হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পার্টনারের সহযোগিতায় অনুষ্ঠিত এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠন গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স, যুক্তরাষ্ট্র প্যান এশিয়ান আমেরিকান চেম্বার অব কমার্স, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ টেকনোলজি অ্যাসোসিয়েশন এবং নেটওয়ার্ক অব ইয়াং বাংলাদেশি আমেরিকান প্রফেশনালস সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। সম্মেলনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দুই শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন। ব্যবসায়ী নেতারা ছাড়াও সম্মেলনে বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ এবং বৃহৎ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সম্মেলনের প্রথম পর্বে ‘র‌্যাপিড টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন অব বাংলাদেশ: অপরচুনিটিজ ফর ইউএস কোম্পানিজ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পড়েন প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়। তিনি বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে সম্প্রতি তথ্যপ্রযুক্তির উন্নয়নে গৃহীত অবকাঠামো ও নীতিনির্ধারণী সহায়তার বিষয়গুলো তুলে ধরেন। দ্বিতীয় পর্বে ‘বিল্ডিং ডিজিটাল বাংলাদেশ: পার্টনারশিপ উইথ এনআরবিজ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পড়েন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পলিসি উপদেষ্টা আনির চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিসের সভাপতি মাহবুব জামান। সম্মেলনে বেসিসের নেতারা উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি