যুক্তরাষ্ট্রে আজ থেকে গুগল আই/ও

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আজ থেকে শুরু হচ্ছে সার্চ ইঞ্জিন গুগলের ডেভেলপারদের বার্ষিক সম্মেলন ‘গুগল আই/ও ২০১৪’। গুগল আই/ও শুরুর আগে প্রাক-আয়োজন হিসেবে গুগলের মাউন্টেইন ভিউর প্রধান কার্যালয়ে জিডিজি সম্মেলন অনুষ্ঠিত হয় সোম ও মঙ্গলবার। এতে সারা বিশ্বের বিভিন্ন জিডিজির সদস্যরা অংশ নিয়েছেন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩৫০ জন আয়োজক ও উদ্যোক্তা অংশ নিয়েছেন।
সম্মেলনের শুরুর দিনে গুগল ও জিডিজির উদ্যোক্তারা বিভিন্ন পর্বে অংশ নেন এবং কীভাবে ডেভেলপার দলগুলোকে আরও শক্তিশালী করা যায় এবং নতুন কী যোগ করা যায় সেসব বিষয়ে আলোচনা করেন। এতে বিভিন্ন পর্বে দল বা কমিউনিটি ব্যবস্থাপনা, স্টার্টআপ উদ্যোগ চালু, গুগল ওপেন সোর্স টেক অ্যাকশন, জিডিজি ওমেন ইত্যাদি নিয়ে ছিল নানা আয়োজন৷
জিডিজি বাংলাদেশের পক্ষ থেকে লাইটনিং টক পর্বে ‘টেক ফর সোশ্যাল গুড’ বিষয়ে জিডিজিগুলো কীভাবে স্থানীয় সামাজিক সমস্যা সমাধান করতে পারে তা তুলে ধরা হয়।
আজ শুরু হবে গুগল আই/ও’র মূল পর্ব। সম্মেলন শেষ হবে আগামীকাল। এতে জিডিজির সদস্য ছাড়াও গুগলের মূল ডেভেলপাররা অংশ নেবেন। বিস্তারিত: (www.google.com/io)।
—আরিফ নিজামী, সান ফ্রান্সিসকো (যুক্তরাষ্ট্র) থেকে