যুক্তরাষ্ট্রে এইচ ওয়ান বি ভিসার আবেদন পাঁচ বছরে সর্বনিম্ন
যুক্তরাষ্ট্রে কাজের জন্য এইচ ওয়ান বি ভিসার আবেদন গত পাঁচ বছরে প্রথমবারের মতো কমেছে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) সোমবার জানিয়েছে, ২০১৪ সাল থেকে এবারই প্রথম এ ধরনের ভিসার আবেদন দুই লাখের নিচে জমা পড়েছে। গতবারও সংখ্যাটা ছিল ২ লাখ ৩৬ হাজার।
মার্কিন প্রযুক্তি শিল্পের জন্য এইচ ওয়ান বি ভিসা খুব গুরুত্বপূর্ণ। কারণ অন্যান্য দেশের প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করা মেধাবীদের মার্কিন প্রতিষ্ঠানগুলো এই ভিসার মাধ্যমেই চুক্তি ভিত্তিতে কাজে লাগাতে পারে। সেটা এমনকি বর্তমানের ট্রাম্প প্রশাসনেও। তবে চলতি বছর মার্কিন রাজনৈতিক জটিলতার কারণে ভিসাটি উদ্বিগ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই ভিসা প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পদ্ধতি স্থগিত করা হয়েছে। যেটি প্রিমিয়াম প্রসেসিং নামে পরিচিত। এর মাধ্যমে অতিরিক্ত ১ হাজার ২২৫ ডলার ফি দিলে এইচ ওয়ান বি ভিসা প্রক্রিয়া ১৫ দিনের মধ্যে সম্পন্ন হয়। সে জন্য অবশ্যই লটারিতে নির্বাচিত হতে হবে। আর অন্যদের জন্য অর্থাৎ নন-প্রিমিয়াম ভিসার জন্য তাতে আট মাস পর্যন্ত সময় লাগতে পারে।
এইচ ওয়ান বির জন্য প্রতিবছর ৮৫ হাজার ভিসা দেওয়া হয়। চাহিদার তুলনায় বেশি আবেদন জমা পড়ায় লটারির মাধ্যমে এই ৮৫ হাজার ভিসা নির্বাচন করা হয়। এর মধ্যে সাধারণ বিভাগে অর্থাৎ যাঁরা স্নাতক বা সমমানের ডিগ্রি নিয়ে আবেদন করেন, তাঁদের দেওয়া হয় ৬৫ হাজার ভিসা। অন্যদিকে বিশেষ বিভাগে ২০ হাজার ভিসা দেওয়া হয়। এ ধরনের ভিসার জন্য যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হয়।
ট্রাম্পের নতুন নীতিতে বেশ উদ্বিগ্ন ভারত সরকার। কারণ ভারতের অনেক মেধাবী এইচ ওয়ান বি ভিসা নিয়ে আমেরিকায় কর্মরত আছে। তা ছাড়া ট্রাম্প প্রশাসন যদি আউটসোর্সিংয়ের ওপর নতুন নীতি আরোপ করে তাহলে আউটসোর্সিং নির্ভর বাণিজ্য অনেক ক্ষতিগ্রস্ত হবে।
মারিফুল হাসান, সূত্র: সিএনএন