যুক্তরাষ্ট্রে গ্যালাক্সি এস৩ সবচেয়ে জনপ্রিয়!
যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে জনপ্রিয়তার দিক থেকে আইফোনকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছে স্যামসাংয়ের অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন ‘গ্যালাক্সি এস৩’। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।যুক্তরাষ্ট্রভিত্তিক বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানাকর্ড জেনুইটির এক জরিপে দেখা গেছে, ২০১১ সালের অক্টোবর মাসে বাজারে আসা আইফোন ৪ এস যুক্তরাষ্ট্রের বাজারে জনপ্রিয়তায় শীর্ষে ছিল। তবে আগস্ট মাসের স্মার্টফোন বিক্রির হিসাবে আইফোনকে পেছনে ফেলেছে গ্যালাক্সি এস৩। যুক্তরাষ্ট্রের মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান টি-মোবাইল, স্প্রিন্ট, ভেরিজন ওয়্যারলেসের বিক্রি করা স্মার্টফোনের মধ্যে শীর্ষে রয়েছে গ্যালাক্সি এস৩। তবে এটিঅ্যান্ডটির বিক্রীত স্মার্টফোনের তালিকায় এখনো শীর্ষে আইফোন ৪এস।বাজারবিশ্লেষকেরা জানিয়েছেন, শিগগিরই নতুন সংস্করণের আইফোন বাজারে আনবে অ্যাপল। হালকা-পাতলা এ স্মার্টফোনটিতে থাকবে উন্নত প্রযুক্তি। নতুন আইফোন বাজারে এনে আবারও ভোক্তাদের মন জয় করতে চেষ্টা করবে অ্যাপল। ২৫ আগস্ট স্যামসাংয়ের বিরুদ্ধে পেটেন্ট বিষয়ক মামলা জিতলেও স্যামসাংকে আবারও টেক্কা দিতে হলে অ্যাপলের নতুন স্মার্টফোনে চমক থাকতেই হবে।