যুক্তরাষ্ট্রে গ্যালাক্সি নেক্সাস বিক্রিতে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত দেশটির বাজারে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের গ্যালাক্সি নেক্সাস ফোন বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।পেটেন্ট ভঙ্গের অভিযোগে অ্যাপলের করা মামলায় যুক্তরাষ্ট্রের ডিসট্রিক্ট কোর্ট শুক্রবার এ নিষেধাজ্ঞা জারি করেন। শুনানি শুরুর আগে যুক্তরাষ্ট্রের বাজারে গ্যালাক্সি নেক্সাস ফোনটি যাতে স্যামসাং বিক্রি করতে না পারে এ নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছিল অ্যাপল। আদালত অ্যাপলের এই আবেদন মঞ্জুর করেছেন। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এর আগে ২৭ জুন ক্যালিফোর্নিয়ার ফেডারেল কোর্ট পেটেন্ট ভঙ্গের দায়ে যুক্তরাষ্ট্রে স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১ যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে স্যামসাংয়ের দুটি পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি হল। নিষেধাজ্ঞা জারির শর্ত হিসেবে আদালত অ্যাপলকে সাড়ে নয় কোটি ডলার মূল্যের বন্ডে সই করতে বলেছেন। মামলায় অ্যাপল হেরে গেলে এই বন্ড ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। পেটেন্ট ভাঙার অভিযোগ তুলে অ্যাপল ও স্যামসাং পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন দেশে মামলা করেছে। দুটি প্রতিষ্ঠানের অভিযোগের বিষয় অভিন্ন, বিভিন্ন পণ্যের পেটেন্ট ভঙ্গ। একজন আরেকজনের বিরুদ্ধে এই পণ্যের পেটেন্ট ভাঙার জন্য অভিযোগ করেছে। যুক্তরাষ্ট্রের এ মামলায় অ্যাপল জয়ী হলেও ওদিকে একই ধরনের মামলায় সম্প্রতি নেদারল্যান্ডসের আদালতে হেরেছে অ্যাপল। নেদারল্যান্ডসে আইপ্যাড ও আইফোনের বিক্রির হিসেবে স্যামসাংকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত।