যুক্তরাষ্ট্রে বিনা মূল্যে ফেসবুকের শিক্ষা সফটওয়্যার
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক অনলাইনে শিশুদের শিক্ষার একটি সফটওয়্যার তৈরি করছে। যুক্তরাষ্ট্রের সরকারি স্কুলগুলোতে এই সফটওয়্যার বিনা মূল্যে সরবরাহ করা হবে। ফেসবুক কর্তৃপক্ষ এ ব্যাপারে একটি অলাভজনক প্রতিষ্ঠান সামিট পাবলিক স্কুলসের সঙ্গে কাজ করছে। প্রতিষ্ঠানটি ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটনের বেশ কয়েকটি স্কুল পরিচালনা করছে।
ফেসবুক বলেছে, অনলাইনে পড়ালেখার এই কর্মসূচি তার সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক থেকে একেবারেই আলাদা। ফেসবুকের প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, সফটওয়্যারটি তৈরির জন্য তাঁরা নিবেদিতপ্রাণ কয়েকজন ব্যক্তি নিয়ে একটি দল গঠন করেছেন। এই দলের সদস্যরা শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কাজ করবে।
২০১৪ সালে ২ হাজারেরও বেশি শিক্ষার্থী এবং ১০০ শিক্ষক এই সফটওয়্যারের ফেসবুকের সংস্করণ ব্যবহার করে। সফটওয়্যারটি তৈরি হয়ে গেলে সামিট পাবলিক স্কুল সফটওয়্যারের পরীক্ষামূলক ব্যবহারের জন্য একটি ক্ষুদ্র প্রকল্প চালু করবে। কক্স বলেন, সামিটের ক্ষুদ্র প্রকল্প থেকে যে ফিডব্যাক পাওয়া যাবে, তার ভিত্তিতে সফটওয়্যারটির উন্নয়ন করা হবে। এর ফলে যুক্তরাষ্ট্রের যেকোনো স্কুলে এটি সরবরাহ করা যাবে, যেমনটি তারা চায়। কক্স জানান, শিক্ষার এই সফটওয়্যার ব্যবহার করতে কোনো ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন
হবে না এবং এটি শিক্ষার্থীর যাবতীয় তথ্য কঠোরভাবে সুরক্ষা করবে।
বিবিসি ও ইউএসএ টুডে অবলম্বনে রোকেয়া রহমান