যুক্তরাষ্ট্রে সরকারি তথ্যের ‘ইউটিউব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র সরকার সে দেশের সরকারি তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে তথ্যের ‘ইউটিউব’ তৈরি করতে যাচ্ছে, যেখানে সম্ভব সব ধরনের সরকারি তথ্য উন্মুক্ত হবে সবার কাছে। দেশটির প্রধান তথ্য কর্মকর্তা বিবেক কুন্ড্র প্রযুক্তি-বিশেষজ্ঞদের কাছে সরকারি তথ্য উন্মুক্তকরণ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে ভিডিও ফাইল আদান-প্রদানের জনপ্রিয় ওয়েবসাইট ‘ইউটিউব’-এর মতো একটি ব্যবহারকারি-সহায়ক তথ্যভান্ডারের অবকাঠামো তৈরি করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি এমন এক বিশ্বের স্বপ্ন দেখি, যেখানে যে কেউ চাইলে সরকারি তথ্য নিয়ে বিচার-বিশ্লেষণ করে তার ফলাফল জানাতে পারবে অন্যদের।’জনগণের কাছে সরকারি তথ্য পৌঁছে দিতে যুক্তরাষ্ট্র সরকারের যে বিশেষ ওয়েবসাইট (www.data.gov) আছে, বিবেক কুন্ড্র সেটির দায়িত্বে আছেন। এই সাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার নাগরিকদের কাছে ক্রমান্বয়ে রাষ্ট্রীয় তথ্য প্রকাশ করছে। এতে থাকছে সব ধরনের সরকারি পরিসংখ্যানের বিস্তারিতও। যেকোনো প্রয়োজনে যে কেউ এ তথ্য ব্যবহার করতে পারবে। তথ্যের আরও সহজ প্রাপ্তি নিশ্চিত করতে এবং জনগণকে সত্যিকার অর্থে কার্যকর তথ্য-সহায়তা দিতে এই ওয়েবসাইটটিতে কারিগরি ও তথ্য সংযোজন চলছে। মার্কিন সরকারকে আরও স্বচ্ছ ও উন্মুক্ত করতে প্রেসিডেন্ট বারাক ওবামার কর্মপরিকল্পনার একটি অংশ এই ওয়েবসাইটটি। সম্প্রতি এই সাইটটিতে মতামত নামের একটি নতুন জায়গা খোলা হয়েছে, যেখানে শুধু মার্কিনরাই নয়, যেকোনো দেশের নাগরিকই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে তাদের মত জানাতে পারবে দেশটির নীতি নির্ধারণী মহলকে। সাইটটি গত বছরের মে মাসে উন্মুক্ত হয় সবার জন্য। এই তথ্যভান্ডারে কৃষি ও শিক্ষা থেকে শুরু করে বাজেট ও অপরাধসংশ্লিষ্ট তথ্যসংক্রান্ত বিভিন্ন তথ্য জনগণের কাছে তুলে ধরছে যুক্তরাষ্ট্র সরকার। —বিবিসি অবলম্বনে জাবেদ সুলতান