যুক্তরাষ্ট্রের আকাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ডিবিএফ প্রতিযোগিতায় এমআইএসটি দল
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ডিবিএফ প্রতিযোগিতায় এমআইএসটি দল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ভ্যান নাইচ শহরের বিশাল আকাশ। সেখানে উড়ছে একটি বিমান। আর তা নিচ থেকে নিয়ন্ত্রণ করছেন জামাল হোসেন, তৌহিদুর রহমান, সাইফুল ইসলাম, মীর মো. আল কামাহ, ফজলে রাব্বি ও মুকিত হাসান। চোখে রাজ্যের বিস্ময় তাঁদের। যেন আকাশে তাঁদের স্বপ্ন উড়ছে!
ঠিক কাছাকাছি সময়ে আরেকটি বিমান ওড়ে যুক্তরাষ্ট্রের আকাশে। এটি যুক্তরাষ্ট্রের আরেকটি অঙ্গরাজ্য অ্যারিজোনার টুয়সন শহরে। আর এই দলে আছেন তনয় চৌধুরী, শোয়েব চৌধুরী, অনুপ দেবনাথ, জামিল ফয়সালসহ মোট ১৫ জন। দুটি দলই ছিল বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের।
বিস্ময়কর এ ঘটনার নায়ক যাঁরা, তাঁদের মুখেই শোনা যাক আকাশছোঁয়ার গল্প।
বিজয়ের গর্ব নিয়েই বলা শুরু করলেন জামাল হোসেন, ‘আমরা অংশ নিয়েছিলাম “এসএই অ্যারো ডিজাইন ওয়েস্ট-১৩” প্রতিযোগিতায়। ঠিকঠাকমতোই নিজেদের তৈরি বিমান ওড়ালাম যুক্তরাষ্ট্রের আকাশে।’ তাঁর কাছে আরও জানা গেল ‘সোসাইটি অব অটোমোটিভ ইঞ্জিনিয়ার্স’-এর আয়োজনে এই প্রতিযোগিতা বসে লস অ্যাঞ্জেলেসে। এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭৫টি দল অংশ নেয় প্রতিযোগিতায়। প্রতিযোগিতার অংশ হিসেবে তাদের তৈরি করতে হয়েছে দূরনিয়ন্ত্রিত একটি এয়ারক্রাফট, যা অতিরিক্ত ওজন বহনে সক্ষম।
তনয় চৌধুরীদের কাজটি ছিল আরেকটু কষ্টসাধ্য। বিমান তো ওড়াতে হয়েছেই। সেই সঙ্গে বিমানে যুক্ত রাখতে হয়েছিল মিসাইলসদৃশ বস্তু ও অতিরিক্ত ওজন নেওয়ার ক্ষমতা। ‘তবু সফল আমরা,’ এমনটাই বললেন তনয় চৌধুরী।
১৭তম বার্ষিক ডিজাইন বিল্ড অ্যান্ড ফ্লাই (ডিবিএফ) প্রতিযোগিতা-২০১৩-এ অংশ নেয় তনয় চৌধুরীদের দল। যে প্রতিযোগিতায় হাজির হয় বিশ্বের ৩৫টি দেশের ৮১টি দল। দুই দলের এই সফলতার সিঁড়ির সূচনা যেখান থেকে, সেই জায়গাটা যে মসৃণ ছিল না, তা জানা গেল আলাপচারিতায়।
‘খুব উৎসাহ নিয়ে শুরু করি কাজ। কিন্তু কাজ করতে গিয়ে দেখা গেল, ডিজাইনে সমস্যা তৈরি হচ্ছে, যন্ত্রাংশ পাওয়া যাচ্ছে না।’ বলেন তনয় চৌধুরী। ‘এমনকি কিছু যন্ত্রাংশ দেশের বাইরে থেকেও আনতে হয়েছে।’ তনয়ের কথার সঙ্গে যুক্ত করে এমনটাই বলেন জামাল হোসেন। ‘তবে এই সফলতা আসত না, যদি আমাদের শিক্ষক গ্রুপ ক্যাপ্টেন আবদুস সালাম, কামরুল হাসান, ফ্লাইট লে. মুনিরা, গ্রুপ ক্যাপ্টেন নেপাল চন্দ্র চট্টোপাধ্যায়, উইং কমান্ডার নিখিল ভার্মা ও ইয়াসির আরাফাত সাহায্য না করতেন।
তনয় কিংবা জামালদের এখন স্বপ্ন তাঁদের তৈরি বিমানগুলোকে আধুনিকায়ন করা। একসময় হয়তো তাঁদের হাত ধরেই এ দেশে তৈরি হবে বিশ্বের আধুনিক সব এয়ারক্রাফট।