যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। গত কয়েক বছরের মতো এবারও বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ইলেকট্রনিক ভোট যন্ত্রে (ইভিএম) ভোট নেওয়া হবে। কিন্তু ইভিএমে বড় ধরনের কয়েকটি সমস্যা থাকায় এই যন্ত্রের সঠিক কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। ভেরিফায়েড ভোটিং ফাউন্ডেশনের দেওয়া তথ্য অনুযায়ী ২৫ শতাংশ মার্কিন নাগরিক এবারের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের সাহায্যে ভোট দেবেন। কিন্তু এবার মনে হয়, তাঁরা ভোট দিতে পারবেন না। ভেরিফায়েড ভোটিং ফাউন্ডেশন জানায়, ইভিএমে ইতিমধ্যেই বড় ধরনের ত্রুটি ধরা পড়েছে। এসব ক্রটির কারণে হয়তো সঠিক ফলাফল না-ও আসতে পারে। গত বছর মাইক্রোসফট রিসার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে ইভিএমের ক্রটির কথা বলা হয়েছিল। এসব ত্রুটির সুযোগ নিয়ে কম্পিউটার হ্যাকাররা নির্বাচনের ফলাফল বদলে দিতে পারে। এসব ত্রুটি দূর করার জন্য মাইক্রোসফট রিসার্চ বেশ কয়েকটি সুপারিশ করেছিল। কিন্তু সেসব সুপারিশ আজও বাস্তবায়িত হয়নি। গত বছর মার্কিন গবেষক রজার জনস্টনের নেতৃত্বে একদল বিজ্ঞানী হাতে-কলমে পরীক্ষা করে দেখেন, কীভাবে হ্যাকাররা ইচ্ছা করলেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে দেওয়া ভোট বদলে দেওয়া যায়। তাঁরা শুধু ২৫ ডলার মূল্যের একটি যন্ত্রাংশ ব্যবহার করে ভোট বদলে দিয়েছিলেন। গবেষকেরা বলছেন, এখন থেকেই ইলেকট্রনিক ভোটিং মেশিন নিশ্ছিদ্র করার ব্যবস্থা করতে হবে। নির্বাচনের আগেই নিশ্চিত করতে হবে ইভিএম সম্পূর্ণ ত্রুটিমুক্ত। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান