যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপল
আয়ের পরিমাণ বেড়েছে বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপলের। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রকাশিত আয়ের বিবরণীতে এ তথ্য পাওয়া গেছে। এ তথ্য অনুযায়ী গত তিন মাসের অ্যাপলের আয় হয়েছে এক হাজার ৩০৬ কোটি ডলার। গত বছরের এ সময়ে আয়ের চেয়ে যা বেড়েছে শতকরা ১১৮ ভাগ। গত বছরের মাঝামাঝি সময় পর্যন্ত প্রায় তিন কোটি সাত লাখ আইফোনই বিক্রি হয়েছে। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানান, অ্যাপলের এ সফলতা এর দারুণ সব পণ্যের জন্য এবং এ তালিকায় রয়েছে বেশ কিছু নতুন পণ্যও। চলতি বছরের মার্চ নাগাদ আইপ্যাড-৩ বাজারে আসবে বলেও আশাবাদী অ্যাপল কর্তৃপক্ষ। অ্যাপলের শেয়ারের দামও শতকরা ৬ দশমিক ৮ ভাগ বেড়ে দাঁড়িয়েছে ৪৪৯ ডলার এবং বাজার মূলধন ৪২ হাজার কোটি ডলার।অ্যাপল জানিয়েছে, গত তিন মাসে তাদের মুনাফা দ্বিগুণ হয়েছে এবং রাজস্বও বেড়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে বর্তমানে সবচেয়ে দামি প্রতিষ্ঠান হিসেবে শীর্ষে আছে অ্যাপল। এ তালিকায় তৃতীয় স্থানে আছে বিশ্বসেরা আরেক সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফট। ২০০৫ সাল থেকেই এ তালিকায় শীর্ষে ছিল এক্সন মবিল করপোরেশন। এবার এক্সনকে সরিয়ে শীর্ষে এল অ্যাপল। এর আগে ২০১০ সালে মাইক্রোসফটকে পেছনে ফেলেছিল অ্যাপল। অ্যাপলের আয়ের এমন রেকর্ডকে প্রতিষ্ঠানের দারুণ সব পণ্যের বিষয়টিই সামনে রেখেছেন বাজার বিশেষজ্ঞরা। এ ছাড়া আইফোন, আইপ্যাডের সর্বশেষ সংস্করণগুলোও বাজারে চমক সৃষ্টি করেছে, যা অ্যাপলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। —বিবিসি অবলম্বনে কাজী আশফাক আলম