যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক পাচ্ছেন গ্রেস হপার ও মার্গারেট হ্যামিলটন
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ পাচ্ছেন ২১ জন বিশিষ্ট ব্যক্তি। এঁদের মধ্যে কম্পিউটার প্রোগ্রামিংয়ে অগ্রণী ভূমিকা পালনকারী গ্রেস হপার ও মার্গারেট হ্যামিলটন রয়েছেন। ২২ নভেম্বর বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা পদক দেবেন।
প্রয়াত গ্রেস হপার ছিলেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর রিয়াল অ্যাডমিরাল। ১৯৯২ সালে তিনি মারা যান। তাঁকে মরণোত্তর পদকে ভূষিত করা হচ্ছে। মৌলিক কম্পিউটার পদ্ধতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হপার। মার্ক-১-এর মতো শুরুর দিকের বেশ কিছু কম্পিউটারের প্রোগ্রামিং ও কার্যকর গবেষণায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। ইউনিভাক বা ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার তৈরিতেও তাঁর অবদান ছিল।
কম্পিউটার বিকাশের অগ্রযাত্রায় মার্গারেট হ্যামিলটন কিছুটা পরে শামিল হন, যখন সরকারের গোপনীয় বিষয় থেকে কম্পিউটার প্রোগ্রামিং প্রকাশ্যে আসতে শুরু করে। অ্যাপোলো ১১ চন্দ্রযানের সফল অবতরণে তাঁর সফটওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। হ্যামিলটন এখনো সফটওয়্যার প্রকৌশল নিয়ে কাজ করে যাচ্ছেন।
হপার ও হ্যামিলটন এমন সময় তাঁদের কৃতিত্ব দেখিয়েছেন যখন সমাজে পুরুষদের মূল্যায়ন করা হতো সবার ওপরে। কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং নিয়ে যাঁরা স্বপ্ন দেখেন তাঁদের জন্য হপার ও হ্যামিলটন অনুসরণীয়।
এ বছর বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটসও পাচ্ছেন প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম। তবে প্রযুক্তিতে নয়, বরং দাতব্যকাজে তাঁদের অবদানের স্বীকৃতি এটি।
মারিফুল হাসান, সূত্র: টেকক্রাঞ্চ