
ক্রমাগত বেড়ে চলেছে প্রযুক্তির ব্যবহার। তরুণেরা হয়ে উঠছে প্রযুক্তিনির্ভর। কিন্তু আমাদের তরুণেরা কি প্রযুক্তির গঠনমূলক ব্যবহার করছে, নাকি নেতিবাচক দিকগুলোতে জড়িয়ে পড়ছে। এমনই বিষয়ে বিতর্ক হয় ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জুডো)’ আয়োজিত বিতর্ক উৎসবের আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে। অবশ্য বিতর্কের এই বিষয়টির কেতাবি নাম দেওয়া হয়েছিল ‘তারুণ্যের আলোয় প্রযুক্তি এখনো নন্দন ছাপিয়ে স্পন্দন হতে পারেনি।’ আর তাতে নর্থসাউথ বিশ্ববিদ্যালয় বিতর্ক ক্লাবের বিপক্ষে যুক্তির আলো ছড়ায় ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন’।
বিজয়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিতর্ক দলের দলনেতা শেখ রাহাত রহমান বলেন, ‘আমরা সংসদীয় পদ্ধতিতে বিতর্ক করেছি। আর বিতর্কের বিষয়ে নন্দন বলতে মোহ আর স্পন্দন বলতে গঠনমূলক কাজকে বুঝিয়েছি। চ্যাম্পিয়ন হতে পেরে অনেক ভালো লাগছে।’ রাহাতের সঙ্গে যোগ করেন দলের অন্য সদস্য ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাশাহেত হাসান, ‘প্রাথমিক ধাপে আমরা বিতর্ক করেছি আন্তর্জাতিক রাজনীতি, সাম্প্রদায়িকতা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে।’
আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় পাবলিক ও বেসরকারি ৩৭টি বিশ্ববিদ্যালয়ের ৫০টি দল। চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মুশফিক উস সালেহীন।
‘যে বয়সে একজন জাকারবার্গ বা সালমান খান প্রযুক্তির আলো ছড়িয়েছেন সারা বিশ্বে, সেই বয়সে আমরা বুঁদ হয়ে থাকছি সামাজিক মাধ্যমে চ্যাটিং বা মোবাইলে কথোপকথনে। প্রযুক্তির নেতিবাচক দিকের প্রতি আমাদের ঝোঁক বেশি। সে বিষয়টি আমরা যুক্তির মাধ্যমে তুলে ধরেছি।’ বলছিলেন মুশফিক উস সালেহীন।
জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের আয়োজনে এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা চলেছে সপ্তাহব্যাপী। যার শুরু হয়েছিল ৪ মে। প্রতিযোগিতা হয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক দলগুলোর মধ্যে। আয়োজকদের অন্যতম দেবাংশু শুভ জানান, ‘আমাদের এই বিতর্ক আয়োজনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় মিলে প্রায় ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।’
‘যুক্তি আমার তরুণ প্রাণে অরুণ আলোর দীপ্তি’ স্লোগানে এই প্রতিযোগিতায় স্কুল ও কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় যথাক্রমে চট্টগ্রাম কলিজিয়েট স্কুল ও ঢাকা কলেজ।