যুক্তির সবুজে রাঙাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইশতিয়াক, মনোয়ার ও হাবীব: চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলা দলের সদস্য
ইশতিয়াক, মনোয়ার ও হাবীব: চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলা দলের সদস্য

নিজেদের যুক্তি আর তর্ক দিয়ে বাজিমাত করল ঘরের মাঠেই। জিতে নিল শিরোপা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫টি দলকে পেছনে ফেলে এই জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল ‘অপরাজেয় বাংলা’র।

২৮ নভেম্বরের ফাইনাল বিতর্কে অংশ নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ‘মুক্তমঞ্চ’ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ‘অপরাজেয় বাংলা’। চূড়ান্ত প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল ‘জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য প্রধান হুমকি’। যেখানে দুটি দলই নিজেদের জানা তথ্য আর জ্ঞানকে কাজে লাগিয়ে ঘায়েল করতে থাকে প্রতিপক্ষকে।

‘যুক্তির সবুজে রাঙাই ঝুঁকির পৃথিবী’ এই স্লোগানে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ (আইডিভিএস)। ইনস্টিটিউটের পরিচালক মাহবুবা নাসরিন বলেন, ‘বিতর্কের মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধানে কাজ করা যায় সহজে। আর বিশ্বব্যাপী যেহেতু জলবায়ু পরিবর্তন এখন একটি গুরুত্বপূর্ণ ইস্যু, তাই সেটা সম্বন্ধে জানা দরকার আমাদের শিক্ষার্থীদের। তাহলেই আমরা নিজেদের দেশকে ঝুঁকি থেকে বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারব।’

বিজয়ী দলের তিন সদস্য হলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আলম, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মনোয়ার আলিম ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) এমবিএর শিক্ষার্থী হাবীব আল সাকি।

প্রতিযোগিতার ফাইনালে সেরা বক্তা নির্বাচিত হওয়া ইশতিয়াক আলম জানান, ‘বিজয় তো সব সময় আনন্দের। তবে আমার কাছে এটি আরেকটু বাড়তি আনন্দের। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এটি আমার শেষ প্রতিযোগিতা ছিল। আর সেটা সাফল্যের সঙ্গে বিজয় দিয়ে শেষ হলো।’ কথার রেশ ধরে আরেক দলের সদস্য হাবীব আল সাকী বললেন, ‘ইশতিয়াকের মতো আমারও এটি শেষ প্রতিযোগিতা ছিল। তাই একটা বাড়তি চাপ নিয়েই মঞ্চে উঠেছিলাম আমরা। তবে স্কুল থেকে বিতর্কের সঙ্গে থাকাটা যে অভিজ্ঞতার ঝুলিই শুধু বাড়ায়নি, শিখিয়েছে যুক্তিবাদী মানুষ হতে।’

দলটির সঙ্গে গল্পে-আলোচনায় জানা গেল তাদের বিভিন্ন সময়ে সাফল্যের কথাও। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ঝুলিকে সমৃদ্ধ করেছে তারা বিতর্কের জয় দিয়ে। সেই সঙ্গে নিজেকে নিয়ে গেছেন একজন যুক্তিবাদী দক্ষ মানুষের তালিকায়। যে অর্জন দিয়ে তাঁরা ভবিষ্যতে কাজ করতে চান দেশের জন্য।

এই আয়োজনে সহযোগিতায় ছিল জার্মান এম্বেসি ও সহআয়োজক ছিল ইনস্টিটিউট অব এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট।