
যুগ বদলেছে। অথচ পত্র-দরখাস্তগুলোর বিষয় রয়ে গেছে আগের মতোই গৎবাঁধা। কেমন হবে যদি পত্র-দরখাস্ত লেখা হয় যুগের সঙ্গে তাল মিলিয়ে? তারই কিছু নমুনা দেওয়া হলো।
অনুপস্থিতির জন্য ছুটির আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন মোটামুটি নিয়মিত শিক্ষার্থী। চার দিন আগে স্কুলে আসার ঠিক আগমুহূর্তে আয়নার সামনে দাঁড়িয়ে আমি গালে একটি ঢাউস সাইজের পিম্পল দেখতে পাই। বিদঘুটে জিনিসটা দেখে তখনই চোখে প্রায় দুই ফোঁটা পানি চলে এসেছিল। মানসিক দিক দিয়ে প্রচণ্ড ধাক্কা খাই আমি। এই আপদ লইয়া আমি কী করিব! কীভাবে স্কুলে সবাইকে মুখ দেখাব ভাবতেই আমার গা কয়েকবার শিউরে উঠেছে! শারীরিক এবং মানসিক দিক দিয়ে অসুস্থ থাকার কারণে তাই তিন দিন আমি স্কুলে আসতে পারিনি।
অতএব, উপরিউক্ত বিষয়ের সুষ্ঠু মানবিক দিক বিবেচনাপূর্বক আমাকে উক্ত তিন দিনের ছুটি দিয়ে বাধিত করবেন।
বিনীত নিবেদক
ছাদিকা আক্তার
নবম শ্রেণি, রোল: ৩৪

টাকা চেয়ে বাবার নিকট পত্র
শ্রদ্ধেয় আব্বা,
আশা করি, পরম করুণাময়ের অশেষ কৃপায় সবাই ভালো আছেন। আমার অবস্থা আর কী বলব! পুরাই ছ্যাড়াব্যাড়া! ভার্সিটিতে প্রচুর প্যারা দিচ্ছে! পর সমাচার এই যে আপনার পাঠানো ১০ হাজার টাকা সাড়ে পাঁচ দিনেই শেষ! পড়াশোনা বাবদ বেশ খরচ হচ্ছে। আপনাকে তো অনেক আগেই বলেছি, বইয়ের চেয়ে এখন ঢের বেশি পড়া ইন্টারনেটে! প্রায়ই রাত জেগে ইন্টারনেটে পড়তে হয়! নইলে ভালো করব কীভাবে? এদিকে গত তিন মাসের ইন্টারনেট বিল জমে আছে। পড়ার প্রচণ্ড চাপে গত সেমিস্টারে দুই সাবজেক্টে ভালো করতে পারিনি। এ বাবদও ভার্সিটিতে কিছু টাকা দিতে হবে। আপনি তো ফোন করলেই শরীরের দিকে খেয়াল রাখতে বলেন। শরীর সুস্থ না থাকলে কিসের পড়া কিসের কী! তাই জিমে ভর্তি হয়েছিলাম। সেখানেও দুই মাসের টাকা বাকি। এ ছাড়া গলির মোড়ের চা দোকানদারের কাছে ৭৬৩, ময়না মামার ঝালমুড়ির দোকানে ৩২০, আর আমার রুমমেট আরিফের কাছ থেকে সময়ে সময়ে ২০-৩০ টাকা করে নিতে নিতে প্রায় শ পাঁচেক হয়ে গেছে। ছেলেটা বেশ ভালো আছে। নরম-সরম। বিপদে-আপদে কখনোই ‘না’ করে না। এ মাসে ওর টাকাটা না দিলে কেলেঙ্কারি হয়ে যাবে! যা হোক, আপনি অতি সত্বর আরও ১০ হাজার টাকা পাঠানোর ব্যবস্থা করেন।
ইতি
আপনার আদরের
রকি হাওলাদার
পুনশ্চ ১: আম্মার কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। তাঁর শরীরের এখন কী অবস্থা?
পুনশ্চ ২: গত দুই মাস তিনটা গেঞ্জি আর একটা জিনস দিয়ে চালিয়ে নিয়েছি। এই মাসে কিছু কাপড়চোপড় না কিনলেই নয়।
পুনশ্চ ৩: আমার জন্য দোয়া করবেন। আর টাকাটা পারলে আজ-কালের মধ্যেই বিকাশ করে দিয়েন।

জম্পেশ আড্ডায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র
প্রিয় মোতালেব,
আগামী পরশু দিন আমার একমাত্র আব্বু-আম্মুর দেশের বাড়িতে গমন হেতু আমাদের কচুক্ষেতস্থ বাসা কয়েক দিনের জন্য ফাঁকা হচ্ছে। এ উপলক্ষে দুই দিনব্যাপী জম্পেশ আড্ডা, কার্ড খেলা ও আরও অনেক মৌজ-মাস্তির আয়োজন করা হয়েছে।
মহিউদ্দিন, জহির, ইয়াকুব, জীবন—এরা সবাই আসবে। তুইও পরশু সন্ধ্যার মধ্যে গাট্টি-বোঁচকা নিয়ে চলে আয়।
আজ আর নয়, সাক্ষাতে বিস্তারিত আলাপ হবে।
ইতি
জহিরুল

দ্বিতীয় ঘণ্টায় ছুটির আবেদন
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে আমি কামরুজ্জামান ঢালী অত্র বিদ্যালয়ের দশম শ্রেণির একজন ছাত্র। আজ বিদ্যালয়ে উপস্থিত হওয়ার কিছুক্ষণ পর থেকেই আমি ব্যাপক মানসিক অস্থিরতায় ভুগছি। কারণ, মনের ভুলে আমি আমার ট্যাবটি বাসায় রেখে এসেছি। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমি ক্ল্যাশ অব ক্ল্যান্স (সিওসি) নামক গেমে চরমভাবে আসক্ত। দীর্ঘ সময় অ্যাটাক দিতে না পেরে আমার অবস্থা কাহিল! ফলে বিদ্যালয়ে আসার পর ‘ট্যাবলেস’ অবস্থায় আমি কিছুতেই ক্লাসে মনোনিবেশ করতে পারছি না।
এমতাবস্থায়, আমাকে এখনই ছুটি দিয়ে মানসিক স্থিরতা প্রদানে আপনার অশেষ মর্জি হয়।
বিনীত নিবেদক
আপনার একান্ত বাধ্যগত
কামরুজ্জামান ঢালী
দশম শ্রেণি, রোল: ৬২

সম্প্রতি ছ্যাঁকা খাওয়া বন্ধুকে সমবেদনা জানিয়ে পত্র
প্রিয় মজনু,
আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিস। গতকাল ফেসবুকের পোস্ট মারফত তোর প্রেমিকাবিয়োগের মর্মান্তিক খবর শুনে খুবই আহত হয়েছি। এত তাড়াতাড়ি যে তোর ব্রেকআপ হবে, সেটা কে ভেবেছিল! জানি, এমন হৃদয়বিদারক পরিস্থিতিতে কোনো সান্ত্বনাই যথেষ্ট নয়। কিন্তু প্রেমিকমাত্রই ছ্যাঁকা খেতে হবে—এই চিরন্তন সত্য তো আমাদের মেনে নিতেই হবে! তাই ব্রেকআপের কারণে ভেঙে খান খান না হয়ে মনটাকে শক্ত কর। একজন গেলে আরেকজন আসবে—এটাই তো জীবনের নিয়ম! সুতরাং, নতুন উদ্যমে সবকিছু আবার শুরু কর। আমি নিশ্চিত, শিগগির এই শোক কাটিয়ে তুই নতুন প্রেম শুরু করতে পারবি! এটুকু বিশ্বাস আমার আছে!
তোর শোকসন্তপ্ত মনের প্রতি ব্যাপক সমবেদনা জানিয়ে শেষ করছি। ভালো থাকিস।
ইতি
বদিরুল