যুদ্ধ বনাম শান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাগাসাকি পারমাণবিক বোমা জাদুঘরের সামনে লেখক
নাগাসাকি পারমাণবিক বোমা জাদুঘরের সামনে লেখক

‘যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা/যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা।’
যুদ্ধ যে পৃথিবীর জন্য কত ভয়াবহ হতে পারে তার জ্বলন্ত সাক্ষী জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহর দুটি। নিজের চোখে দেখেও আমাদের যেন বিশ্বাস হচ্ছিল না, এত মৃত্যু আর ধ্বংস সেদিন কীভাবে সহ্য করেছিল এই দেশ! সম্প্রতি জাপান সরকারের আমন্ত্রণে বাংলাদেশ থেকে ৯০ জন শিক্ষার্থীর একটি প্রতিনিধিদল গিয়েছিল জেনেসিস ২.০ প্রোগ্রামে অংশ নিতে জাপানে। পুরো দলটিকে তিনটি উপদলে ভাগ করে ভিন্ন ভিন্ন স্থান পরিদর্শনের জন্য পাঠানো হয়। সেই সুবাদেই আমাদের নাগাসাকি যাওয়া। 
পাহাড় আর সমুদ্র দিয়ে ঘেরা অসাধারণ মায়াময় শহর নাগাসাকি। ৬৮ বছর আগে পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া একটি শহর কীভাবে নতুন করে প্রাণ পেল, তা ভেবে সত্যিই অবাক হতে হয়। বাড়িঘর থেকে শুরু করে রাস্তাঘাট, স্কুল-কলেজ, গির্জা, চোখ ধাঁধানো শপিং মল, অত্যাধুনিক বিমানবন্দর—সব কিছুতেই আধুনিকতার ছাপ স্পষ্ট।
এতসব আধুনিক জীবনযাত্রার মাঝেও জাপানিরা ভোলেনি তাদের অতীত দুঃখের স্মৃতিবিজড়িত ইতিহাসের ঘৃণিত সেই পারমাণবিক বোমা হামলার কথা। নাগাসাকি পারমাণবিক বোমা জাদুঘরে গিয়ে গাইডের বর্ণনায় প্রতিটি মুহূর্ত যেন একের পর এক মূর্ত হয়ে উঠছিল আমাদের সামনে। ধ্বংসপ্রাপ্ত শহরের বিভিন্ন নমুনা, তৎকালীন নাগাসাকিবাসীর বিভিন্ন ব্যবহার্য সামগ্রীর ক্ষতিগ্রস্ত অংশ, কিছু স্থাপনাশিল্প, উরাকামি ক্যাথেড্রালের ধ্বংসাবশেষ, আলোকচিত্রসহ বিভিন্ন অনুষঙ্গ দিয়ে সাজানো জাদুঘরটি। প্রতিটি জিনিসে এত যত্নের ছোঁয়া আর ঝাড়পোঁছের বাহার দেখে আমরা রীতিমতো অবাক।
পুরো জাদুঘরটি চারটি অংশে বিভক্ত। প্রথমেই রয়েছে বোমা হামলার ঠিক আগ মুহূর্তে তোলা নাগাসাকি শহরের একটি ছবি। যার ঠিক কেন্দ্রেই রয়েছে উরাকামি ক্যাথেড্রাল। এর পরে বোমা হামলার ফলে সৃষ্ট ‘মাশরুম মেঘ’-এর ছবি। এ দুটো ছবিই যুক্তরাষ্ট্রের কাছ থেকে পরে কিনে নেয় জাপান। এর বিপরীত দেয়ালে আছে ১৯৪৫ সালের ৯ আগস্ট ১১টা ০২ মিনিটে স্তব্ধ হয়ে যাওয়া একটি দেয়াল ঘড়ি, যেটি প্রতিমুহূর্তে পৃথিবীকে মনে করিয়ে দিচ্ছে সেই অভিশপ্ত সময়ের কথা, যখন কয়েক প্রজন্মকে ভয়ংকর পরিণতির দিকে ঠেলে দেওয়া হয়েছিল। এর পরের অংশে রয়েছে পারমাণবিক বোমা বিস্ফোরণে ক্ষয়ক্ষতির চিহ্ন। ধ্বংসপ্রাপ্ত শহরের আলোকচিত্র, বিস্ফোরণে গলে যাওয়া মানুষের হারমজ্জার পিণ্ড, খুলিসহ গলে যাওয়া হেলমেট কিংবা পুড়ে ছাই হয়ে যাওয়া স্কুলছাত্রীর খাবারসহ লাঞ্চবক্স দেখে সবাই কেমন যেন স্তব্ধ হয়ে গেলাম। এখানে এসে বারবার মনে পড়ে যাচ্ছে নিজের দেশে সংঘটিত হওয়া ১৯৭১ সালের গণহত্যার নির্মমতার কথা। নাগাসাকিতে বিস্ফোরিত বোমা ‘ফ্যাটম্যান’-এর বাস্তব আকৃতির ডামি দেখে আমরা অনেক অবাক হয়েছি। এর পরের অংশে রয়েছে পারমাণবিক বোমামুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে একটি এডুকেশন জোন।
প্রদর্শনী কক্ষগুলো দেখতে দেখতে কখন যে চারপাশটা ঝাপসা হয়ে এসেছে, টেরই পাইনি। নিজের চোখ মুছতে মুছতে অন্যদের দিকে তাকালাম, দেখি আনিকা, রিফাত, রুদমিলা আপু, ইমদাদ ভাইয়া, মুনমুন আপু, তাসনুভা আপু সবারই এক অবস্থা। আর একটু সামনে এগিয়ে রয়েছে ভিডিও রুম, পাঠাগার, সম্মেলন কক্ষ, স্টাডি রুম ও স্যুভেনির শপ।
জাদুঘর থেকে বের হয়ে কিছু দূরেই বোমা হামলার স্থানে তৈরি করা হয়েছে হাইপোসেন্টার। ‘পৃথিবীতে নাগাসাকি আর হিরোশিমাই যেন হয় শেষ দুটি যুদ্ধবিধ্বস্ত শহর, এটিই আমাদের প্রার্থনা।’ আমরা প্রার্থনা বাণী কার্ডে লিখে পিস মেমোরিয়াল হলের দেয়ালে লাগিয়ে দিলাম, পরে জানলাম এই কার্ডগুলো পরবর্তী ১০ বছর সেখানে রেখে দেওয়া হবে। সারা বিশ্বের হূদয় হোক এক ও অভিন্ন—নাগাসাকিবাসীর এই বার্তাটি পৌঁছে যাক সারা বিশ্বে।