যে আলো ছড়িয়ে গেল সবখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন অসাধ্য কাজ সত্যিই আমরা সফল করে ফেললাম। না—ভুল বললাম। আমাদের কাছে কোনো কাজই তো অসাধ্য নয়, বন্ধুসভার বন্ধুদের কাছে কোনো কিছু অসাধ্য নয়। আমরা সব সম্ভব করতে পারি।একটি নয়, দুটি নয়, তিনটি নয়; ১০১টি অনুষ্ঠান। তাও আবার গতানুগতিক অনুষ্ঠান নয়। না আছে গান, না আছে নাচ, না অভিনয়! প্রচলিত সব অনুষ্ঠানের বাইরে এই অনুষ্ঠান। প্রথমে আমরা ভেবেছিলাম এ অনুষ্ঠান জমবে তো! এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা আসবে তো—নাকি আসবে না। এটি নিরস অনুষ্ঠান হবে। আমাদের এই সমস্ত ভাবনা সম্পূর্ণ ভুল প্রমাণিত হতে থাকল। উদ্বোধনী অনুষ্ঠান জমে উঠল ঢাকার নবাবগঞ্জে। একের পর এক অনুষ্ঠান জমে উঠল জেলায়, উপজেলায়। যেসব উপজেলায় কোনো বড় ধরনের অনুষ্ঠান এর আগে হয়নি, সেসব উপজেলায়ও ইন্টারনেট উৎসব জমে উঠল। অংশও নিল হাজার হাজার শিক্ষার্থী।এ উৎসব সফল করার জন্য সারা দেশকে ছয়টি জোনে ভাগ করা হয়। ছয়টি জোনে কাজ করেছে বন্ধুসভার ছয়টি বিশেষ দল। স্থায়ীভাবে এই দলগুলোতে ২৪ জন বন্ধু মাসব্যাপী কাজ করে। যেখানে অনুষ্ঠান হবে, সেখানে একাধিকবার গিয়ে বন্ধুদের সঙ্গে অনুষ্ঠান সফল করার জন্য নানা প্রস্তুতি গ্রহণ করে তারা। অনুষ্ঠান সফল করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করি। যেকোনো উপায়ে ইন্টারনেট উৎসব সারা দেশে সফল করতে হবে। ঢাকা অফিসে ছিল বিশেষ দল। এই দলের বন্ধুুরা সারা দেশে কোথায় কবে অনুষ্ঠান হচ্ছে—তাদের প্রস্তুতি কেমন ইত্যাদি বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখার কাজ করে। স্থানীয় বন্ধুুরা অনুষ্ঠানের কয়েক দিন আগে এলাকায় ইন্টারনেট উৎসবের রঙ ছড়িয়ে দেয়। এলাকাবাসীর মধ্যে আলোচনা শুরু হয় ইন্টারনেট উৎসব নিয়ে, আলোচনা শুরু হয় শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে।কে হবে আইজিনিয়াস, কে প্রতিনিধিত্ব করবে তার এলাকার, এসব নিয়ে কৌতূহল, উচ্ছ্বাস ও আনন্দ। এসব নিয়েই ইন্টারনেট উৎসব। ১০১টি জেলা, উপজেলার প্রতিনিধি এবং নিজস্ব প্রতিবেদক বন্ধুরা প্রচণ্ড পরিশ্রম করে নেপথ্যে থেকে। তারা ছিল ইন্টারনেট উৎসবের নেপথ্যের নায়ক। সামনের সারির নায়কেরা ছিল বন্ধুসভার বন্ধুরা। এর আগে এমন আয়োজনের সঙ্গে আমরা পরিচিত ছিলাম না, তার পরও ব্যর্থতার লেশমাত্র নেই। আমরা মনে করি, এই ইন্টারনেট উৎসবের মাধ্যমে আমাদের উদ্দেশ্য সফল হয়েছে, সারা দেশে গড়ে উঠছে ইন্টারনেট প্রজন্ম। এই প্রজন্মরা একদিন পাল্টে দেবে বাংলাদেশ। ইন্টারনেট উৎসবের আলো ছড়িয়ে যাচ্ছে সবখানে।  সাধারণ সম্পাদক, প্রথম আলো বন্ধুুসভা জাতীয় পরিচালনা পর্ষদwww.bondhushava.com