যে কারখানার ৯০ শতাংশ কর্মীই নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আচ্ছা বলুন তো, আমাদের এই কারখানায় নারী কর্মী কত শতাংশ?’ উত্তরে যা যা বলো হলো, ভিয়েতনামে ক্যাননের পণ্য উৎপাদন কারখানায় নারীর সংখ্যা তার চেয়েও বেশি। এ কারখানার সিস্টেম ম্যানেজার ত্রান থি জুয়ান জানালেন, মোট তিন হাজার ৮৫১ কর্মীর মধ্যে নারীর সংখ্যা ৯০ শতাংশেরও বেশি। তিনি বললেন, নারী কর্মীদের ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি রয়েছে, প্রয়োজনে আরও এক মাস বাড়ানো হয় এ ছুটি। হ্যানয়ের থাং লং ইন্ডাস্ট্রিয়াল পার্কে ক্যাননের এ কারখানায় ইঙ্কজেট, লেজার ও অল-ইন-ওয়ান প্রিন্টার এবং স্ক্যানার উৎপাদন হয়।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশে ক্যাননের পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটসের উদ্যোগে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলকে এ কারখানার বিভিন্ন দিক ঘুরিয়ে দেখানো হয়। এ সময় ক্যানন কারখানার মহাব্যবস্থাপক তানিগুচি, কারখানা ব্যবস্থাপক সাওয়া বিভিন্ন তথ্য তুলে ধরেন।
ভিয়েতনামে ২০০২ সালে ক্যাননের এই কারখানা চালু হয়। পরে আরও দুটি কারখানা চালু করা হয়েছে দেশটিতে। মূলত শ্রমমূল্য কম থাকায় এবং ভৌগোলিক অবস্থান সুবিধাজনক হওয়ায় ভিয়েতনামে কারখানা করা হয়েছে। তানিগুচি জানান, থাং লংয়ের এ কারখানায় এখন প্রতি মাসে ৭০ লাখ পণ্য উৎপাদন হয়। প্রিন্টার ও স্ক্যানারের প্রতিটি অংশই এখানকার বিভিন্ন বিভাগে তৈরি হয়। যন্ত্রগুলোর পিসিবি বোর্ড, চিপস সংযোজন থেকে শুরু করে প্লাস্টিকের খাপ তৈরি সবকিছুই ধাপে ধাপে হয় এখানে।
কারখানা ঘুরে দেখা গেল, বেশির ভাগ কাজই করা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। এ জন্য শিল্প-রোবট এবং রোবটিক হাত (আর্ম) ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্যও আছে রোবট। এমনকি সার্কিট বোর্ড নিরীক্ষাও করা হচ্ছে নিজেদের তৈরি ক্যানন ক্যামেরাযুক্ত যন্ত্র দিয়ে। স্কুর, আঠা, স্টিকার লাগানো ও সংযোজনের কাজ হচ্ছে মানুষের হাতে। ১২ ও ৮ ঘণ্টা—এই দুই ধরনের পালায় কাজ চলে দুই লাখ বর্গমিটার আয়তনের এ কারখানায়।
ক্যাননের এ কারখানা পরিদর্শনের সময় জেএএন অ্যাসোসিয়েটসের ইনচার্জ (ব্যবস্থাপনা ও পরিকল্পনা) আজিম আব্দুল্লাহ এইচ কাফি, জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক কবির হোসেন ও জেএএনের বেশ কয়েকজন ডিলার উপস্থিত ছিলেন।
—পল্লব মোহাইমেন, হ্যানয় (ভিয়েতনাম) থেকে