যে কারণে আইফোনের ছবি স্ক্যান করতে চায় অ্যাপল

নতুন সুবিধাগুলোর জন্য সমালোচনার মুখেও পড়তে হচ্ছে অ্যাপলকেরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের শেষ নাগাদ আইফোনে যুক্ত হবে, এমন বেশ কিছু সুবিধার ঘোষণা দিয়েছে অ্যাপল। ‘এক্সপ্যান্ডেড প্রোটেকশনস ফর চিলড্রেন’ নামের সেসব সুবিধায় আইমেসেজে সংবেদনশীল ছবি পাঠানো হচ্ছে কি না এবং আইক্লাউডে শিশুর যৌন নিপীড়নের ছবি আছে কি না, তা স্ক্যান করে দেখবে।

তবে নতুন সুবিধাগুলোর জন্য তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে অ্যাপলকে। এমনকি এডওয়ার্ড স্নোডেনের মতো ব্যক্তি এবং ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের মতো সংগঠনগুলোর পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। বিশেষ করে আইক্লাউডে ব্যবহারকারীর ছবি স্ক্যান করা নিয়ে তাঁদের আপত্তি। কারণ, ডেটাবেইসে থাকা শিশু নিপীড়নের পূর্ব নির্ধারিত ছবির প্যাটার্নের সঙ্গে আইক্লাউডের ছবি মিলিয়ে দেখবে সুবিধাটি।

সমালোচনার মুখে পড়ার পর সুবিধাগুলো নিয়ে কাজ করা কর্মীদের অভ্যন্তরীণ বার্তা পাঠিয়েছে অ্যাপল। সেখানে ব্যাপারটিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করে নতুন সুবিধাগুলোকে শিশুদের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ‘মিশন’ বলা হয়। অর্থাৎ কর্মীদের কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।

কর্মীদের বার্তাটি পাঠান অ্যাপলের সফটওয়্যারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট সেবাস্তিয়েন মারিন্যু-মেস। তিনি বলেন, নতুন সুবিধাটির খুঁটিনাটি জানানো এবং এ ব্যাপারে বিশদ ব্যাখ্যা দিতে থাকবে অ্যাপল। সেই সঙ্গে অনেক ইতিবাচক সাড়াও পেয়েছেন বলে জানিয়েছেন।