যে ছবি জিতল ওয়ার্ল্ড প্রেস ফটো অ্যাওয়ার্ড

যুক্তরাষ্ট্রের আলোকচিত্রী জন স্টেনমেয়ার ওয়ার্ল্ড প্রেস ফটো অ্যাওয়ার্ডের প্রথম পুরস্কার জিতেছেন। তিনি জিবুতিতে আফ্রিকান অভিবাসীদের মোবাইল ফোনে কল করার একটি ছবি তুলে এ পুরস্কার জিতলেন। এক খবরে এ তথ্য জানিয়েছে এএফপি।
জন স্টেনমেয়ারের তোলা ছবিতে দেখা যাচ্ছে জিবুতির মানুষ চাঁদের আলোতে পার্শ্ববর্তী দেশ সোমালিয়া থেকে মোবাইল ফোনের সংকেত পাওয়ার জন্য মোবাইল উঁচু করে ধরে রেখেছেন।
ওয়ার্ল্ড প্রেস ফটো অ্যাওয়ার্ডের প্যানেল সদস্য জিলিয়ান ইডেলস্টেইন জানিয়েছেন, জন স্টেনমেয়ারের তোলা ছবিটি প্রযুক্তি, বিশ্বায়ন, অভিবাসী, দরিদ্রতা, হতাশা, একাকিত্ব এবং মানবতার বিষয়টি তুলে ধরে।
ওয়ার্ল্ড প্রেস ফটো অ্যাওয়ার্ডকে আলোকচিত্রীদের জন্য সম্মানজনক বলে মনে করা হয়।
বিশেষজ্ঞদের একটি প্যানেল সেরা ছবি নির্বাচন করে। ১৯৫৫ সাল থেকে এ পুরস্কার দেওয়া হয়।
ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের জন্য ছবি তুলতে জিবুতিতে গিয়ে এই ওয়ার্ল্ড প্রেস ফটো অ্যাওয়ার্ড জয়ী ছবিটি তুলেছিলেন জন।
নিজের তোলা ছবি সম্পর্কে জন স্টেনমেয়ার বলেন, ছবিটি আমাদের সবাইকে একসূত্রে গেঁথে দেয়। মানুষ তার প্রিয়জনকে ফোন কল করার চেষ্টা করছে। এটা আমি, আপনি বা আমাদের মতোই কেউ হতে পারেন।