যে দেশে বাস করি সেটি ডিজিটাল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল ওয়ার্ল্ডের সমাপনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে অতিথিরা l প্রথম আলো
ডিজিটাল ওয়ার্ল্ডের সমাপনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে অতিথিরা l প্রথম আলো

আমরা এখন যে দেশে বাস করি সেটি ডিজিটাল বাংলাদেশ। আমাদের দেশের গড় আয় বেড়েছে। এই সাফল্য শুধু সরকারের একার নয়। এ সাফল্য দেশের জনগণের। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় শুক্রবার সন্ধ্যায় ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, আইসিটিসচিব শ্যাম সুন্দর সিকদার, বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার, বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, অ্যাকসেস টু ইনফরমেশন কর্মসূচির নীতিমালা উপদেষ্টা আনীর চৌধুরীসহ অনেকে।
ডিজিটাল ওয়ার্ল্ডে সাতটি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। শিক্ষা বিভাগে সেরা ডিজিটালাইজড প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ব্যক্তি পর্যায়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান সৈয়দ আখতার হোসাইন পুরস্কার পেয়েছেন।
স্বাস্থ্য বিভাগে এমআইএস, স্বাস্থ্য অধিদপ্তর এবং ব্যক্তি পর্যায়ে পুরস্কার পেয়েছেন এমআইএস স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। রাইস নলেজ ব্যাংক মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট তৈরির জন্য কৃষি বিভাগে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং কৃষকের দরকারি সফটওয়্যার তৈরি করার জন্য সিরাজগঞ্জের চৌহালীর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ শাহাদৎ হোসাইন সিদ্দিকী পুরস্কার পান।
আলাপন অ্যাপ তৈরি করে সফটওয়্যার উদ্ভাবনের পুরস্কার পেয়েছে রিভ সিস্টেমস। ব্যাটল অব ৭১ গেম বানিয়ে ব্যক্তি পর্যায়ে পুরস্কার পেয়েছেন ওয়াসিইউ টেকনোলজির ফয়সাল করিম। সেরা সাংবাদিকের পুরস্কার পেয়েছেন মাসিক কমপিউটার জগৎ-এর সহকারী সম্পাদক মোহাম্মদ আবদুল হক।
হার্ডওয়্যার উদ্ভাবন বিভাগে প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছেন এপলমটেক। তারা বানিয়েছে স্মার্ট এনার্জি মিটার। ব্যক্তি শাখায় থ্রিডি প্রিন্টার তৈরি করে সিক্স অ্যাক্সিস টেকনোলজির ফারুখ আহমেদ পুরস্কার পেয়েছেন। 
নাগরিক সেবা বিভাগে পুরস্কার পেয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলাল হোসেন, ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উসমান গণি, সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার শেখ মো. রেজাউল হায়দার এবং সিরাজগঞ্জের কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিত কুমার কণ্ডু।
ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ শুরু হয়েছিল ১৯ অক্টোবর। শেষ হয়েছে ২১ অক্টোবর।