
গত তিন দশক ধরে টাইম ও পিসি ম্যাগাজিন-এর জন্য তথ্যপ্রযুক্তি নিয়ে কলাম লিখছেন মার্কিন প্রযুক্তি বিশ্লেষক ও গবেষক টিম বাজারিন। ডিজিটাল বিপ্লবের পুরোভাগে ছিল তাঁর গবেষণা। তাঁর ভবিষ্যদ্বাণী পার্সোনাল কম্পিউটার শিল্প ও নতুন প্রযুক্তি গ্রহণের ধারা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। সম্প্রতি তিনি ২০১৭ সালে প্রযুক্তি কোন পথে চলবে তা নিয়ে পাঁচটি ভবিষ্যৎ করেছেন।
মিশ্র বাস্তবতা বেশি গুরুত্ব পাবে

ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) যদিও বর্তমানের বাজার গরম করা প্রযুক্তি, গ্রাহক-আকর্ষণের কেন্দ্রে আছে। তবে ভবিষ্যতে ভিআর সম্ভবত শুধু গেমেই ব্যবহার করা হবে।
অন্যদিকে অগমেন্টেড রিয়েলিটি (এআর) কিংবা মিক্সড রিয়েলিটি (মিশ্র বাস্তবতা) কাজ করবে সর্বজনীন প্রযুক্তি হিসেবে। নিয়ানটিক ল্যাবসের ‘পোকেমন গো’ গেমে মানুষ এরই মধ্যে অগমেন্টেড রিয়েলিটির স্বাদ পেয়েছে। গেমটির সর্বজনীন সাফল্যেই মিশ্র বাস্তব প্রযুক্তির ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকও বিশ্বাস করেন তাঁর প্রতিষ্ঠানে ভিআরের তুলনায় এআর বেশি কাজে লাগবে। অ্যাপলের পরবর্তী আইফোনে যদি এআর গুরুত্ব পায় তবে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রতিযোগিতায় টিকতে অন্যান্য স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানও এআর প্রযুক্তির দিকে ঝুঁকবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের প্রভাব
সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানেরা একরকম প্রকাশ্যেই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে এই নির্বাহীরা কর্মবীর মানুষ। নিজ নিজ প্রতিষ্ঠান অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নিতে প্রয়োজন অনুযায়ী আগামী চার কিংবা আট বছর সরকারের সঙ্গে নিয়মিত আন্তরিক আলোচনা চালিয়ে যাবেন।
এরই মধ্যে টিম কুক, সত্য নাদেলা, এলোন মাস্কসহ অন্যান্য প্রযুক্তি নির্বাহীর সঙ্গে একদফা বৈঠক করেছেন ট্রাম্প। যেকোনো বিষয়ে যেকোনো সময়ে আলোচনা করতে আগাম আমন্ত্রণ জানিয়ে রেখেছেন ট্রাম্প। হুট করে ট্রাম্প বিপরীত কিছু না করে বসলেই হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কিছু অনুমান করা মুশকিল। আর এই ‘দোলাচল’ ২০১৭ সহ আগামী বছরগুলোর প্রযুক্তি খাতকে প্রভাবিত করে যাবে।

মূলধারায় আসবে টু-ইন-ওয়ান কম্পিউটার
প্রথাগত ল্যাপটপ কম্পিউটারের নকশায় নতুন উদ্ভাবনের সুযোগ কম। এমনটা জানিয়েছেন পিসি বিক্রেতারা। আর তাই পিসি প্রস্তুতকারকেরা নতুন উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন টু-ইন-ওয়ান কম্পিউটারে। টু-ইন-ওয়ান কম্পিউটার বলতে ট্যাবলেট ধাঁচের নকশা বোঝায়, যাতে আলাদা কি-বোর্ড সহজে যুক্ত করা যায়। মাইক্রোসফটের সারফেস প্রো সিরিজের কম্পিউটারগুলো যেমন। এগুলোর মধ্যে আছে ‘কনভার্টেবল’।
এখন পিসি শিল্পের লক্ষ্য সব কম্পিউটার ব্যবহারকারীদের টু-ইন-ওয়ান ও কনভার্টেবল ব্যবহারে আগ্রহী করা। এতে একদিকে নতুন কম্পিউটারের বিক্রি বাড়বে। অন্যদিকে গ্রাহকেরা বহুবিধ কাজ করার প্ল্যাটফর্ম পাবেন।

স্বয়ংক্রিয় স্মার্ট গাড়ির দিকে ঝুঁকবেন ক্রেতারা
আজকাল প্রচুর চালকবিহীন গাড়ির খবর প্রকাশ হচ্ছে। তবে অন্তত ২০২২ সালের আগে মূলধারায় এই গাড়িগুলো আসছে না। এই সময়ের মধ্যে গ্রাহকেরা তাঁদের বিদ্যমান গাড়িগুলো অ্যাপলের কারপ্লে কিংবা গুগলের অ্যান্ড্রয়েড অটোর মতো সফটওয়্যার ব্যবহার করে স্মার্ট করার চেষ্টা করবেন। একই সঙ্গে যেকোনো বাহনে হেডস-আপ পর্দায় (এইচইউডি) নেভিগেশন ও অন্যান্য তথ্য দেখানোর প্রযুক্তির ব্যবহার বাড়বে। মোদ্দাকথা, ২০১৭ সালজুড়ে চালকবিহীন গাড়ির চেয়ে স্মার্ট গাড়ির প্রচলন বাড়বে।

হ্যাকার ও অপরাধীরা আরও চৌকস হয়ে উঠবে
ইনটেল সিকিউরিটি তথ্য অনুযায়ী ২০১৫ সালে বিশ্বব্যাপী ৭০ দশমিক ৭ কোটি সাইবার আক্রমণের ঘটনা ঘটে। এদিকে চলতি বছরের শুধু প্রথমার্ধেই এমন ঘটনা ঘটেছে ৫৫ দশমিক ৪ কোটি বার। এ বছর হ্যাকাররা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে স্বয়ংক্রিয়ভাবে সাইবার হামলার প্রক্রিয়া শেখার চেষ্টা করেছে। এতে লক্ষ্যভেদ হচ্ছে আরও দ্রুত। ২০১৭ সালে এই ডিজিটাল সন্ত্রাসের ধরন আরও স্মার্ট হবে। আর তাই একই সঙ্গে স্মার্ট হতে হবে আইন প্রণেতা ও প্রয়োগকারীদের।
সূত্র: টাইম