যে বার্গার দিয়ে ভিডিও গেম খেলা যায়
মেক্সিকোয় আজকের দিনটিকে (২৯ আগস্ট) ভিডিও গেমারদের দিন হিসেবে উদ্যাপন করা হয়। অনেক প্রতিষ্ঠান ভিডিও গেম সংস্কৃতির সঙ্গে মিলিয়ে বিশেষ পণ্য বিক্রি করে, প্রচারণায় অংশ নেয়। বহুজাতিক খাবারের দোকান বার্গার কিংও ঠিক তা-ই করেছে। তবে কিছুটা ভিন্ন ধাঁচে। একটি বার্গারকে তারা গেম কন্ট্রোলের রূপ দিয়েছে।
বার্গার কিংয়ের খাবারের মেনুতে ‘হোপার’ নামের বার্গার আছে। সেটির সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই মিলিয়ে প্রতিষ্ঠানটি বানিয়েছে ‘বার্গার জয়স্টিক’। যেটি দিয়ে ভিডিও গেম খেলা যায়, গেমের চরিত্র নিয়ন্ত্রণ করা যায়।
এন্ট্রাপ্রেনিউর ডটকমে বলা হয়েছে, অবাক করার মতো ব্যাপার হলো, বার্গারটি (কিংবা জয়স্টিক) ঠিকঠাক কাজ করে। এতে ‘মেকি-মেকি’ প্রযুক্তি ব্যবহার করেছে বার্গার কিং। একটি সার্কিট বোর্ডে ভিডিও গেমের চরিত্র নিয়ন্ত্রণ করার বোতাম থাকে, সেগুলোর সঙ্গে বার্গার কিংবা ফ্রেঞ্চ ফ্রাইয়ের টুকরাগুলো ক্রোকোডাইল ক্লিপ দিয়ে জুড়ে দেওয়া হয়েছে।
বার্গার জয়স্টিক কাজ করে জানালেও সেটা দিয়ে ভিডিও গেমে খেলে দেখায়নি বার্গার কিং। তবে টুইটারে পোস্ট করা ছবিতে জয়স্টিকটি দিয়ে খেলার নির্দেশনা দেওয়া আছে। সে নির্দেশনার শেষে বলা হয়েছে, লোভ সামলাতে না পারলে কিন্তু ‘গেম ওভার’।
মেক্সিকোর কম্পিটিটিভ ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য অনুযায়ী, দেশটির জনগণের ৫৭ দশমিক ৪ শতাংশ নিজেদের গেমার হিসেবে মনে করে।