যে বাড়ির দরজা-জানালা নেই!

নেই কোনো দরজা বা জানালা; এমনকি বাড়িটিতে যাওয়ার জন্য নেই কোনো রাস্তাও। এ কেমন বাড়ি! মানুষ এখানে থাকে কীভাবে? কিন্তু বাড়িটি নান্দনিক স্থাপত্যশৈলীর একটি অন্য রকম উদাহরণ।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের রেলি শহরের ওয়েড অ্যাভিনিউতে রয়েছে এমনই একটি বাড়ি। বাইরে থেকে দেখতে যে রকমই হোক, আসলে এটি গতানুগতিক বাড়ি নয়। ভেতরে প্রবেশে বাধা পেতে হবে নিরেট দেয়ালে। এখানে আসবাব বা মানুষের বদলে রয়েছে বিশাল আকৃতির সব যন্ত্রপাতি, যেগুলো শহরের পানি সরবরাহের কাজটি নিরবচ্ছিন্নভাবে করে যাচ্ছে। তাই বাড়িটি আসলে একটি ওয়াটার বুস্টার পাম্পিং স্টেশন।
এই স্টেশনের কাজ হলো পানির সরবরাহের পথে প্রয়োজনীয় চাপ বা ধাক্কা প্রয়োগ করে শহরের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া। এভাবে শহরের প্রতিটি বাড়িতেই পানি সরবরাহ নিশ্চিত হয়। নর্থ ক্যারোলাইনায় প্রায় ২০টি ওয়াটার বুস্টার পাম্পিং স্টেশন রয়েছে। তবে কেবল ওয়েড অ্যাভিনিউর স্টেশনটিই দেখতে বাড়ির মতো। মিশিগান ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যেও এ রকম কয়েকটি স্টেশন দেখা যায়। বিজনেস ইনসাইডার।