
হিন্দি সিরিয়াল দেখছেন, হঠাৎ করে একটা দৃশ্যে আটকে গেল আপনার চোখ। সেই দৃশ্য দেখে আপনি কী ভাবেন? আচ্ছা, আপনারটা পরে দেখা যাক, অন্যরা কী ভাবে তা-ই দেখে নেওয়া যাক।
তরুণ নাট্যনির্মাতা
এই দৃশ্যে ক্যামোগ্রাফি আরও ভালো হওয়া উচিত ছিল। নায়িকার চেহারা এখানে ঠিক ক্লিয়ার না। আর ক্যামেরার এই অ্যাঙ্গেলের কারণে দৃশ্যের কনট্রাস্টও ভালোভাবে ফুটে ওঠেনি। এ ছাড়া ব্যাকগ্রাউন্ডটাও কেমন যেন বেমানান লাগছে। এ রকম বাজেট পেলে এর চেয়ে আরও অনেক সুন্দর দৃশ্য আমি উপহার দিতে পারতাম দর্শকদের।
বামপন্থী রাজনীতিবিদ
এভাবেই টিভি চ্যানেলে প্রলেতারিয়েতরা অবহেলিত হয়ে আসছে যুগে যুগে! তারা কেবল টিভিতে দেখাবে বুর্জোয়া, পুঁজিপতি শ্রেণির মিলনের দৃশ্য। প্রলেতারিয়েতদের দুঃখের-হতাশার কোনো ছাপ এখানে নেই। এই সিরিয়ালগুলো আমাদের এক ইউটোপিয়ায় নিয়ে গেছে। এভাবে চলতে পারে না। সমাজের সব শ্রেণির দুঃখ-কষ্ট, আনন্দ-সুখ দেখাতে না পারলে কীভাবে হবে!
ফ্যাশন ডিজাইনার
নায়কের শেরওয়ানি আর নায়িকার এই ড্রেসটা তো খুবই সুন্দর! এবার ঈদে এটাকে বাজারে কাপল ড্রেস হিসেবে নামিয়ে দেওয়া যাবে। কাপল ড্রেসের নাম হবে ‘পশুপাখি ড্রেস’।
সিরিয়ালভক্ত তরুণী
ওএমজি! নায়কটা কত্ত কিউট! আর নায়িকাটার ড্রেসটাও জোশ! এবার ঈদে আমার এ রকম একটা লাগবেই লাগবে।
সিরিয়ালভক্ত তরুণ
যে যা-ই বলুক না কেন, সিরিয়াল যেমনই হোক, নায়িকাটা অনেক সুন্দর। আর নায়কের হেয়ার স্টাইলটাও খারাপ না। দেখি, সেলুনে গিয়ে এই কাটটা দিয়ে আসব।
ডেকোরেটরের মালিক
ঘরের ডেকোরেশনটা কেমন জানি, পর্দাগুলো এমন মলিন কেন? পেছনের সবই তো দেখা যায়, তাইলে আর পর্দা দিয়া লাভ হইল কী? আর নায়িকার পাশে এটা কেমন একটা স্ট্যান্ড দিয়া রাখছে? কেনই-বা দিয়া রাখছে?
অলংকারের দোকানের মালিক
নায়িকার হাতে যে প্যাঁচাইন্না ব্রেসলেটটা দিছে, সেইটা দেখতে খারাপ না। তয় আমারও কইলাম এর চাইতে ভালো ডিজাইনের ব্রেসলেট আনছি। যা-ই হোক, জিনিসটা ভালোই। এবারের ঈদে এমন একটা ডিজাইন নামানো যায়।
আর্কিটেক্ট
ঘরের ইন্টেরিয়র ডিজাইনটা আরও ভালো হতে পারত। নায়কের পেছনের দেয়ালে ও রকম ফুটো রাখার মানে খুঁজে পেলাম না। এর মধ্য দিয়ে তো আর আলো-বাতাস ঢুকবে না! আর্কিটেকচার জিনিসটা এত সোজা না! না বুঝে না শুনে একটা কিছু করলেই আর্ট হয় না। মনে রাখতে হবে, আর্কিটেকচার একটা আর্ট।