যেখানে-সেখানে যখন-তখন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেটের মাধ্যমে দূর থেকেই সরাসরি দেখা যায় সিসি ক্যামেরায় তোলা দৃশ্য। ছবি: কবির হোসেন। কৃতজ্ঞতা: মাই আউটসোর্সিং লিমিটেড
ইন্টারনেটের মাধ্যমে দূর থেকেই সরাসরি দেখা যায় সিসি ক্যামেরায় তোলা দৃশ্য। ছবি: কবির হোসেন। কৃতজ্ঞতা: মাই আউটসোর্সিং লিমিটেড

প্রতিদিনের পথ চলায় সব সময়ই থাকতে হয় সতর্ক। ঘরে-বাইরে কিংবা আপনার ব্যবসাপ্রতিষ্ঠান—প্রতিটি জায়গাতেই নিরাপত্তার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হয়। তবে অনেক দিন আগের পুরোনো সেই নিরাপত্তাপদ্ধতি নয়, বরং বর্তমান প্রযুক্তি ব্যবহার করে এমন সব নিরাপত্তাব্যবস্থা চালু হয়েছে, যা আপনার প্রতিষ্ঠান কিংবা বাসা—সবকিছুকেই আগের চেয়ে বেশি সহজে নিরাপত্তা দিতে সক্ষম। এ ব্যবস্থায় আপনি এখন চাইলে ঘরে বসেই যেমন আপনার প্রতিষ্ঠানের সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়টি নজরদারি বা পর্যবেক্ষণ করতে পারবেন, তেমনি দূর থেকেই বাসার নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। এসব ক্ষেত্রে সাধারণত অনেকেই ক্লোজড সার্কিট টেলিভিশন ক্যামেরা (সিসিটিভি) ব্যবহার করে থাকেন, যাতে ওই জায়গার সব দৃশ্য ধারণ হয়ে থাকে।পরবর্তী সময়ে কোনো সমস্যা হলে সেগুলো পরীক্ষা করে দেখা হয়। এর চেয়েও কার্যকর নিরাপত্তাব্যবস্থা নিয়ে রয়েছে ‘লাইভ সিকিউরিটি সার্ভিলেন্স মনিটরিং’ ব্যবস্থা। এর মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠান, বাসা কিংবা কারখানার কার্যক্রম সরাসরি দেখতে পারবেন।অর্থাৎ কী ঘটছে, সেটি জানা যাবে যখন ঘটছে তখনই, আর তা যেকোনো জায়গায় বসেই।

উন্নত নিরাপত্তা
সারা বিশ্বেই বর্তমানে নিরাপত্তার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিনিয়ত চলছে নানা গবেষণা। আর এসব নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে অন্যতম একটি সেবা হচ্ছে সরাসরি নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণের ব্যবস্থা। বিষয়টি চাইলেই যে কেউ ব্যবহার করতে পারেন এবং থাকতে পারেন নিরাপদ। লাইভ সিকিউরিটি সার্ভিলেন্স মনিটরিং ব্যবস্থা আপনার একাধিক প্রতিষ্ঠান, বাসা, কারখানাসহ যেকোনো জায়গাকে সরাসরি একটি নির্দিষ্ট স্থান থেকে নজরদারি করার সুবিধা দেয়। এটি মূলত ক্যামেরা আর ইন্টারনেটের সহায়তায় পরিচালিত হয়। যেসব জায়গা গুরুত্বপূর্ণ, এ পদ্ধতিতে সেসব জায়গায় ক্যামেরা লাগিয়ে নিজেই পর্যবেক্ষণ করতে পারবেন। আবার এসব সেবা দিচ্ছে, এমন প্রতিষ্ঠানের মাধ্যমেও কার্যক্রমটি পরিচালনা করা যাবে। সে ক্ষেত্রে ওই প্রতিষ্ঠান নির্দিষ্ট সময় পর পর প্রতিবেদন পাঠাবে।
এ প্রযুক্তি নিয়ে কাজ করে, এমন একটি প্রতিষ্ঠান মাই আউটসোর্সিং লিমিটেডের প্রধান নির্বাহী তানজিরুল বাশার জানান, প্রতিষ্ঠান কিংবা বাসার নিরাপত্তার জন্য এ কার্যক্রম বেশ কার্যকর। এতে যেমন প্রতিষ্ঠানের কর্ণধার নিজেই নিরাপত্তার বিষয়ে নিশ্চিত থাকতে পারেন, তেমনি নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত হওয়া সম্ভব। এ কার্যক্রমের সঙ্গে সিসিটিভির বড় পার্থক্য হচ্ছে সিসিটিভি থেকে প্রয়োজন হলে পরে তথ্য পাওয়া যায়। আর এতে তাৎক্ষণিক ঘটে যাওয়া বিষয়টি সরাসরি দেখা যায়। আর সব দৃশ্য তো সংরক্ষণ হয়েও থাকে।

সুবিধা এবং যেভাবে কাজ করে

সিসি ক্যামেরার প্রযুক্তিও এখন অনেক উন্নত
সিসি ক্যামেরার প্রযুক্তিও এখন অনেক উন্নত

 
মূলত নিরাপত্তা ক্যামেরার সঙ্গে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সরাসরি কাজ করে এ পর্যবেক্ষণ কার্যক্রম। এতে প্রতিষ্ঠানের যেসব জায়গা গুরুত্বপূর্ণ, সেসব স্থানে ক্যামেরা লাগানোর পর সেটি ইন্টারনেট সংযোগের আওতায় আনা হয়। ক্যামেরায় ধারণ করা চলমান ছবি মনিটরে দেখা যায় সরাসরি।পুরো কার্যক্রমটি পরিচালিত হয় একটি সফটওয়্যারের মাধ্যমে।সাধারণত সিসিটিভি শুধু তথ্য সংরক্ষণ করে, যা পরবর্তী সময়ে প্রয়োজন হলেই ব্যবহার করা হয়। এটি ঠিক তাৎক্ষণিক নিরাপত্তার বিষয়টি জানাতে পারে না। এ ক্ষেত্রে বড় সমাধান হচ্ছে রিয়েল টাইম সার্ভিলেন্স মনিটরিং ব্যবস্থা। বললেন নেপকনস ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম। তিনি জানান, এ কার্যক্রমে নিরাপত্তার বিষয়টি যে কেউ তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন। যদি কোনো সমস্যা হয়, তাহলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব।যেহেতু ঘরে বসেই চাইলে আপনার প্রয়োজনীয় নির্দিষ্ট এলাকার তাৎক্ষণিক নিরাপত্তার বিষয়টি দেখা সম্ভব, তাই লাইভ সিকিউরিটি সার্ভিলেন্স মনিটরিং ব্যবস্থাটি বেশ কার্যকর। যদি কোনো অপরাধ কর্মকাণ্ড ঘটে, সেটিও তাৎক্ষণিক জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব। জানালেন জেনুইন টেকনোলজি অ্যান্ড রিচার্স লিমিটেডের পরিচালক রুবাইয়াত ফয়সাল। তিনি জানান, এ ব্যবস্থায় চাইলে নিজের স্মার্টফোন কিংবা ট্যাবলেট থেকেও নিরাপত্তার বিষয়টি দেখা সম্ভব।

খরচাপাতি
এ ব্যবস্থার জন্য খরচাপাতি খুব বেশি লাগবে তা কিন্তু নয়; তবে প্রয়োজন অনুসারে খরচের বিষয়টি ঠিক করা হয়। কত জায়গায় ক্যামেরা লাগাবেন কিংবা কীভাবে গ্রাহকসেবা চান, সে বিষয় অনুযায়ী ক্যামেরা ও অন্যান্য কার্যক্রম হবে এবং সে অনুযায়ী খরচের বিষয়টি নির্ভর করবে। কেউ যদি দুর্গম এলাকা কিংবা দেশের বাইরে থেকে এ কার্যক্রম দেখতে চান, সে ক্ষেত্রে ইন্টারনেটে কিংবা সে অনুযায়ী যন্ত্রাংশের খরচটি যুক্ত হবে। এ ছাড়া বিভিন্ন ধরনের নিরাপত্তা ক্যামেরা রয়েছে, যার সঙ্গেও খরচাপাতির হিসাব জড়িত।

নিরাপদে থাকুন
নিজের সম্পদ রক্ষায় আধুনিক প্রযুক্তির সুবিধাটি নিয়ে নিতে পারেন আপনিও। এতে করে যেমন নিরাপদ থাকবে আপনার প্রতিষ্ঠান, তেমনি নিরাপদ থাকবেন আপনিও। এ কাজ শুধু যে দেশেই করা যায় তা নয়, বিশ্বের অনেক দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের এ ধরনের নিরাপত্তা কার্যক্রম বাংলাদেশ থেকেও অনেকেই আউটসোর্সিং করছেন। অর্থাৎ, অন্য দেশের প্রতিষ্ঠানের লাইভ মনিটরিং ব্যবস্থা বাংলাদেশ থেকে মনিটরিং হচ্ছে এবং নির্দিষ্ট সময় শেষে প্রতিবেদন পাঠানো হচ্ছে ওই প্রতিষ্ঠানের কাছে। তবে আপনার নিরাপত্তার বিষয়টি যদি আপনি নিশ্চিত করতে পারেন, সেটিও হবে নিজের সম্পদ রক্ষায় অন্যতম
শক্তি ও উদ্যোগ।