যেখানে-সেখানে রিং নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো সভা বা কোনো আলোচনায় এমএসএস বা চ্যাট করা অশোভন
কোনো সভা বা কোনো আলোচনায় এমএসএস বা চ্যাট করা অশোভন

ধরুন, একটি সভার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পরিপাটি পোশাকে, সুবোধ বেশে তৈরি আপনি। কাগজ-কলম হাতের কাছেই আছে। কী বিষয়ে কথা বলবেন, তা-ও মনে মনে ঝালাই করে নিয়েছেন। মুঠোফোনটা যে ‘নীরব’ করে নেওয়ার প্রয়োজন, সেটা মনে আছে তো? অনেক সময় এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ প্রস্তুতিটির কথা আমরা ভুলে যাই। ফলে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হতে হয়। হয়তো উপস্থিত সবার উদ্দেশে কোনো বক্তব্য দিতে শুরু করেছেন, হঠাৎই বেজে উঠল আপনার মুঠোফোন। কেমন বিব্রত হবেন বলুন তো?
অসাবধানতাবশত এমন ঘটনা ঘটতে পারে। কিন্তু অনেক সময় ব্যাপারটা যে অশোভন, তা আদৌ মুঠোফোন ব্যবহারকারীর জানা থাকে না। কেউ কেউ হয়তো এ ব্যাপারে খুব একটা ভ্রুক্ষেপও করেন না। শুধু সভা নয়, লিফট কিংবা গণপরিবহনের মতো জায়গাগুলোতেও আমরা উচ্চস্বরে ফোনে কথা বলতে শুরু করি।
গ্রো এন এক্সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মুখ্য পরামর্শক এম জুলফিকার হোসেন বললেন, এসব ক্ষেত্রে সতর্ক থাকা স্রেফ ‘কমন সেন্সের’ ব্যাপার। বলছিলেন, ‘এখন সবার হাতে হাতে মুঠোফোন। সবাই মুঠোফোন ব্যবহার করলেও আমরা এর আদবকেতাটা এখনো শিখতে পারিনি। জনসমক্ষে মুঠোফোনটা সঠিকভাবে ব্যবহার করতে জানাটাও নাগরিকবোধের মধ্যেই পড়ে।’ একটু সতর্ক হলেই আপনার মুঠোফোন অন্যের বিরক্তির কারণ হয়ে উঠবে না। জেনে নিন এ সংক্রান্ত কিছু পরামর্শ।
 কোনো সভায় অংশ নেওয়ার আগে মুঠোফোন সাইলেন্ট মুডে রাখুন।
 সভা চলার সময় ফোন এলে ‘রিসিভ’ না করাটাই ভালো। সভায় বসে এসএমএস করাটাও শোভন নয়। তবু, ছোট্ট একটা খুদে বার্তা পাঠিয়ে জানিয়ে দিতে পারেন, আপনি সভায় আছেন। যদি খুব জরুরি কোনো ফোন আসে, সভাস্থল থেকে বের হয়ে ফোনকল রিসিভ করতে পারেন। এ ক্ষেত্রে সভার ধরন হিসেবে অনুমতি নেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে।
 বাস কিংবা লিফটে উচ্চস্বরে কথা বলা ঠিক নয়। অল্প কথায় জানিয়ে দিন, আপনি কিছুক্ষণ পর যোগাযোগ করবেন।
 অনেক সময় দেখা যায়, সভায় বসে কেউ কেউ মুঠোফোন থেকে চ্যাট করতে ব্যস্ত হয়ে পড়েন। এ ধরনের আচরণ খুবই অশোভন। এর মাধ্যমে আশপাশের মানুষের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হয়।
 মুঠোফোনে এমন কোনো রিংটোন ব্যবহার করা উচিত নয়, যা অন্যকে বিরক্ত করবে।