যেন আলোকের ঝরনা
উৎসবের সকাল। সূর্য আর মেঘের আলো-আঁধারি খেলায় যেন ক্ষণে ক্ষণে রং বদলে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠের। বর্ণিল এই আয়োজন দেখে অভিভূত শিক্ষার্থী আজহারুল আনোয়ার। বলল, ‘এত সুন্দর ও গোছানো অনুষ্ঠান আগে কখনো দেখিনি। চারদিকে যেন রঙের ছড়াছড়ি। আর উৎসবের মূল আয়োজন যখন ইন্টারনেটকে ঘিরে, তখন আর কী লাগে!’ শিক্ষার্থীদের এ উৎসবে আরও বাড়তি আনন্দ জুগিয়েছে হ্যাপিনেস মেশিন ও ম্যাজিক মিরর। হ্যাপিনেস মেশিনে পুরস্কার জিতে আনন্দে আটখানা নাফিজা ফারহা। হাসিমাখা মুখে বলল, সত্যি অনেক খুশি লাগছে পুরস্কার পেয়ে। আর ম্যাজিক, সত্যি যেন এক জাদুর আয়না। এ রকম আরও কিছু হাসিমুখের সন্ধান মিলল ব্রাহ্মণবাড়িয়ার কসবার ইন্টারনেট উৎসবে। তামান্না আক্তার ও সাইদুল ইসলাম এসেছে কসবা উপজেলার উৎসবে। এক্সপেরিয়েন্স জোন ও ফান গেমসে অংশ নেওয়া সাইদুল ইসলাম পুরস্কার জিতেছে তিনটি। পুরস্কার প্রাপ্তিতে তৃপ্তির ঢেকুর তুলছে সে। এদিকে নাটোরের লালপুরের উৎসবে শেষ দিকের চিত্র অনেকটা এ রকম: মঞ্চ থেকে আই-জিনিয়াসের নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে করতালিতে ভেসে যাচ্ছে সারা মাঠ। বাঁধভাঙা উচ্ছ্বাস সবার মধ্যে। এর মধ্যে কথা হলো মাজার শরিফ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী লাভলীর সঙ্গে। সে বলল, ‘মোবাইল ফোন শুধু কথা বলার জন্য। আর জানতাম, যোগাযোগের অত্যাধুনিক মাধ্যম মাত্র। এর বেশি ছিল গান শোনা, ছবি দেখা আর ডাউনলোড করা। আজ বুঝলাম, মোবাইল ফোনের ইন্টারনেট হাতের মুঠোর মধ্যে সারা দুনিয়াটাকে এনে দিতে পারে। এই চোখেই নতুন করে আলোর সন্ধান পেলাম।’ (প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে লেখা)