যেন খুদে বিজ্ঞানীর পাঠশালা

এখন বেশির ভাগ শিশু টিভিতে কার্টুন বা মোবাইল ফোন ও ট্যাবলেট কম্পিউটারে গেম খেলা নিয়ে ব্যস্ত থাকে। আর এই জায়গা থেকে বের করে আনতে খুদে শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞানচর্চায় সহায়তা করতে ফারুক আহম্মেদের টেক ইনোভেশন নিয়ে এসেছে খুদে বিজ্ঞানীর পাঠশালা সিরিজ। বিজ্ঞান ও ইলেকট্রনিকসের নানা প্রকল্প চর্চা করা যায় ‘ক্রিয়েটিভ ইলেকট্রনিকস প্রজেক্ট’ নামের এই বাক্স দিয়ে। ৬ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরেরা এটি দিয়ে ইলেকট্রনিকস শিখতে পারবে হাতে-কলমে। ৫০টির বেশি প্রকল্প তৈরির উপকরণ আছে এতে।
ফারুক আহম্মেদ বললেন, ‘আসলে শুরুটা ২০১৬ সালের ডিজিটাল ওয়ার্ল্ড মেলা থেকে। যেখানে এই বক্স উপস্থাপন করার সুযোগ পেয়েছিলাম। ডিজিটাল ওয়ার্ল্ডে প্রায় ৫০ থেকে ৬০টির মতো প্রি-অর্ডার পেয়েছিলাম। এরপর বাণিজ্য মেলায় ছোট একটি জায়গায় আমার এটা দেখালে ব্যাপক সাড়া পাই। শিশুদের উদ্ভাবনী শক্তি জাগিয়ে তুলতেই আমার এই উদ্যোগ।’
বাক্সে যা যা আছে
আইসি (ইন্টিগ্রেটেড সার্কিট, ক্যাপাসিটর, এলডিআর, ফ্যান, স্পিকার, সার্কিট বানানোর বোর্ড এবং কয়েল, বিভিন্ন ধরনের সেন্সরসহ ৪০টির বেশি উপকরণ আছে এই বাক্সে।
কীভাবে বানানো যাবে?
এই বাক্স শিশুর কাছে ইলেকট্রনিকসের জটিল বিষয়গুলো খেলার ছলে সহজভাবে তুলে ধরবে। শুধু কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করেই শিশুরা ৫০টির বেশি ইলেকট্রনিকস প্রকল্প এটা দিয়ে করতে পারবে। বক্সের সঙ্গ আছে একটি নির্দেশিকা। সেটা অনুসরণ করে সহজেই লাইট, ফ্যান, কলবেল, চোর ধরার সতর্কসংকেত ইত্যাদি যন্ত্র বানানো যাবে।